মিঠামইনে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, আহত ২০

কিশোরগঞ্জের হাওর অধ্যুষিত মিঠামইন উপজেলায় ঈদ–পরবর্তী প্রীতি ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক কৃষক নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার কাটখাল ইউনিয়নের চরকাটখাল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আক্তার হোসেন (৫৫)। তিনি চরকাটখাল গ্রামের বাসিন্দা।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, চরকাটখাল গ্রামের মসজিদ খেলার মাঠে গত বৃহস্পতিবার বিকেলে ঈদ প্রীতি ফুটবল খেলার আয়োজন করেছিলেন আবদুল হক গ্রুপ ও আলাল গ্রুপের লোকজন। কিন্তু খেলা চলাকালীন একটি ফাউলকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে গন্ডগোল বাধে। পরে খেলাটি পণ্ড হয়ে যায়।
তবে ওই গন্ডগোলকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করে। এ নিয়ে শুক্রবার সকালে দুই গ্রুপের লোকজন কাটখাল নতুন বাজারে কথা-কাটাকাটি করেন। একপর্যায়ে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। টেঁটাবিদ্ধ গুরুতর আহত আবদুল হক গ্রুপের আক্তার হোসেনকে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সংঘর্ষে জড়িত দুই পক্ষের লোকজনের সঙ্গে কথা বলে অন্তত ২০ জন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। আহতরা ব্যক্তিরা হলেন আবুল হাশেম, মো. লাকসাব, আবুল হোসেন, জয়নাল আবেদিন, বুলবুল মিয়া, আহাদ মিয়া, শাহিন মিয়া, মামুন মিয়া, জাহাঙ্গীর আলম, সেলিম মিয়া, আবদুর রহিম, আবদুল করিম, আবু বকর, জামির হোসেন, জামাল উদ্দিন, আলাল উদ্দিন, হোসেন মেম্বার, লোকমান ও হারিছ মিয়া। তাঁদের মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কিশোরগঞ্জ ২৫০ শয্যা সদর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলিমুল হক প্রথম আলোকে বলেন, ‘ফুটবল খেলায় ফাউলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহত কৃষকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’
তবে সংঘর্ষে জড়িয়ে পড়া দুই পক্ষের নেতৃত্বস্থানীয় কোনো ব্যক্তির সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। আবদুল হকসহ কয়েকজনের মোবাইল নম্বর জোগাড় করা হলেও সেগুলো বন্ধ পাওয়া যাচ্ছে।