মিডল্যান্ড ব্যাংকের এমডির বিরুদ্ধে দুদকের মামলা
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আহসান উজ-জামানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার দুদকের উপপরিচালক এস এম রফিকুল ইসলাম রাজধানীর গুলশান থানায় মামলাটি (মামলা নম্বর ৮) করেন।
দুদক সচিব আবু মো. মোস্তফা কামাল মামলার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। মামলায় আহসান উজ-জামানের বিরুদ্ধে ১ কোটি ১২ লাখ ২৮ হাজার টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়েছে, মিডল্যান্ড ব্যাংকের এমডি আহসান উজ-জামান, তাঁর স্ত্রী সোহেলী বেগম ও মা আনিসা জামানের একক ও যৌথ মোট ২৫টি ব্যাংক হিসাবের তথ্য পেয়েছেন অনুসন্ধান কর্মকর্তা। অথচ তিনি তাঁর আয়কর নথিতে মাত্র চারটি ব্যাংক হিসাবের তথ্য উল্লেখ করেছেন। যৌথ হিসাবগুলো আহসান উজ-জামানই পরিচালনা করতেন বলে এজাহারে উল্লেখ করা হয়। ওই ২৫টি ব্যাংক হিসাবে মোট ৭ কোটি ২৯ লাখ ২৫ হাজার টাকা থাকার নথিগত প্রমাণ পায় দুদক। কিন্তু আয়কর নথি ও দুদকে দেওয়া সম্পদ বিবরণীতে তিনি ৬ কোটি ১৬ লাখ ৯৬ হাজার টাকা থাকার কথা উল্লেখ করেন। বাকি ১ কোটি ১২ লাখ ২৮ হাজার ৫৪২ টাকা অবৈধভাবে অর্জন করা হয়েছে বলে এজাহারে বলা হয়।
গত বছরের ১৩ সেপ্টেম্বর আহসান উজ-জামানের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান শুরু করে দুদক। দীর্ঘ অনুসন্ধান চলাকালে তাঁর বক্তব্য নেওয়ার জন্য একাধিকবার সময় দেওয়া হলেও তিনি কোনো নথিপত্র সরবরাহ করেননি। অনুসন্ধান কর্মকর্তা এস এম রফিকুল ইসলাম এজাহারে বলেন, সময় পেয়েও কাগজপত্র সরবরাহ না করে আহসান উজ-জামান অনুসন্ধানকে বিলম্বিত করার চেষ্টা চালিয়েছেন।