চট্টগ্রাম বন্দরে গতকাল বৃহস্পতিবার একটি কনটেইনার থেকে সাড়ে ছয় টন কসমেটিকস ও ওষুধ জব্দ করা হয়েছে। পোশাকশিল্পের কাঁচামাল আমদানির ঘোষণা দিয়ে এসব পণ্য আনা হয়েছিল।
কাস্টম হাউসের যুগ্ম কমিশনার মু. রইচ উদ্দিন খান প্রথম আলোকে বলেন, জালিয়াতি করে এসব পণ্য আনা হয়েছে। পাকিস্তানে তৈরি এসব পণ্য সিঙ্গাপুর-দুবাই হয়ে চট্টগ্রাম বন্দরে আনা হয়। কুমিল্লা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের ‘ক্যাট গার্মেন্টস’ এসব পণ্য আমদানি করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
কাস্টমস কর্মকর্তারা জানান, কনটেইনার খুলে প্রায় সাড়ে তিন হাজার কেজি ওজনের ২৮ ধরনের আমদানি নিষিদ্ধ ওষুধ পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে হৃদ্রোগ, ব্যথানাশক, গর্ভধারণ ও ক্যানসারসহ বেশ কিছু রোগের ওষুধ। এ ছাড়া ৩ হাজার ৪৭৩ কেজি ওজনের পাঁচ ধরনের প্রসাধন পণ্য পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের বডি লোশন, বডি স্প্রে, পাউডার, লিপিস্টিক, শেভিং ক্রিম ইত্যাদি। চালানে থাকা সব পণ্যের গায়ে মেইড ইন পাকিস্তান লেখা রয়েছে।