মিথ্যা ঘোষণায় আনা এক কনটেইনার সিগারেট জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিথ্যা ঘোষণায় আনা এক কনটেইনার সিগারেট জব্দ করেছেন কাস্টমস কর্মকর্তারা। র্যাবের দেওয়া গোপন তথ্যের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম বন্দর চত্বরে এসব সিগারেট জব্দ করা হয়। পোশাকশিল্পের কাঁচামাল আমদানির নামে এসব সিগারেট আনা হয়। এ ঘটনায় আমদানিকারকের পক্ষে পণ্য খালাসে নিয়োজিত সিঅ্যান্ডএফ এজেন্টের মালিকসহ দুজনকে আটক করা হয়েছে।
কাস্টমস কর্মকর্তারা জানান, কনটেইনারটি খুলে ২ লাখ ৪ হাজার প্যাকেট বা ৪০ লাখ ৮০ হাজার শলাকা সিগারেট পাওয়া যায়। এসব সিগারেট বেনসন অ্যান্ড হেজেস ব্র্যান্ডের। এর বাজারমূল্য ৪ কোটি ৮ লাখ টাকা।
চট্টগ্রাম কাস্টমস সূত্র জানায়, পোশাকশিল্পের কাঁচামাল (লেবেল, বোতাম, জিপার) আনার নাম করে বিদেশ থেকে এই চালানটি আমদানি করে নারায়ণগঞ্জের ‘আর এ জেড অ্যাপারেল লিমিটেড’। গত মঙ্গলবার চালানটি খালাসের জন্য কাস্টম হাউসে নথিপত্র জমা দেয় আমদানিকারকের পক্ষে পণ্য খালাসে নিয়োজিত সিঅ্যান্ডএফ এজেন্ট রাইয়ান ট্রেডিং লাইন।
চট্টগ্রাম কাস্টমসের সহকারী কমিশনার মুকিতুল হাসান প্রথম আলোকে বলেন, ‘মিথ্যা ঘোষণা দিয়ে সিগারেট আনা হয়েছে। এ ব্যাপারে আমদানিকারকসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে থানায় মামলা করা হবে।’
কাস্টমস কর্মকর্তারা জানান, পণ্য খালাসে নিয়োজিত সিঅ্যান্ডএফ এজেন্ট রাইয়ান ট্রেডিং লাইনের মালিক মো. রফিকুল হোসেন ও প্রতিষ্ঠানটির কর্মী মেহেরুজ্জামানকে আটক করা হয়েছে।
কাস্টমস কর্মকর্তারা জানান, শর্ত সাপেক্ষে সিগারেট আমদানি করা যায়। সিগারেট আমদানিতে ৬০২ শতাংশ শুল্ককর পরিশোধ করতে হয়। এ কারণে মিথ্যা ঘোষণাসহ নানা কৌশলে সিগারেট আনে চোরাকারবারিা।