মিথ্যা ঘোষণায় খালাসের সময় ২ কোটি ৩২ লাখ টাকার পণ্য জব্দ

চট্টগ্রাম কাস্টমস হাউসে মিথ্যা ঘোষণা দিয়ে খালাসের সময় ২ কোটি ৩২ লাখ টাকার পণ্য জব্দ করেছে শুল্ক গোয়েন্দা। আজ বুধবার দুপুরে এক অভিযানের সময় এসব পণ্য জব্দ করা হয় বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মো. সহিদুল ইসলাম।
শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ জানিয়েছে, গোপন সংবাদ পেয়ে চট্টগ্রাম কাস্টমস হাউসে একটি পণ্য চালানের খালাস স্থগিত করে শুল্ক গোয়েন্দার দল। পরে আমদানিকারকের মনোনীত সিঅ্যান্ডএফ ও কাস্টমস হাউসের কর্মকর্তাদের উপস্থিতিতে পণ্য চালানটির শতভাগ কায়িক পরীক্ষা করে শুল্ক গোয়েন্দা। পরীক্ষায় দেখা যায়, ঘোষণায় পণ্যের পরিমাণ ৫৪ হাজার ৪৪৬ কেজি। বাস্তবে পাওয়া পণ্যের পরিমাণ ৯১ হাজার ৭৬৬ কেজি। মোটকথা কায়িক পরীক্ষায় ঘোষণার চেয়ে ৫৭ হাজার ৯৫২ কেজি বেশি পাওয়া যায়।
জব্দ করা পণ্যগুলো চীন থেকে আমদানি করা।
শুল্ক গোয়েন্দার ডিজি জানান, আমদানিকারকের ঘোষণা অনুযায়ী, পণ্যের মূল্য প্রায় ১ কোটি ১৩ লাখ টাকা এবং শুল্ক করের পরিমাণ ৩০ লাখ টাকা। কায়িক পরীক্ষা অনুযায়ী, পণ্যের মূল্য দাঁড়ায় প্রায় ১ কোটি ৬৫ লাখ টাকা এবং শুল্ক করের পরিমাণ দাঁড়ায় প্রায় ৭২ লাখ টাকা। শুল্ক করসহ মোট পণ্যমূল্য দাঁড়ায় প্রায় ২ কোটি ৩২ লাখ টাকা। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য চট্টগ্রাম কাস্টমস হাউসের কমিশনারের কাছে প্রতিবেদন পাঠিয়েছ শুল্ক গোয়েন্দা।