বেসরকারি মার্কেন্টাইল ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও বর্তমান পরিচালক এম আমানউল্লাহ নিজের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের জন্য নিজ ব্যাংক থেকে দুই কোটি টাকার ব্যবসায় সামাজিক দায়ের (সিএসআর) তহবিল নিয়েছেন।
২০১৪ সালের জুন পর্যন্ত ছয় মাসে ব্যাংক সিএসআর খাতে মোট চার কোটি ৬১ লাখ টাকা দিয়েছে। যার মধ্যে এম আমানউল্লাহ মিথ্যা তথ্য দিয়ে তাঁর প্রতিষ্ঠানের জন্য নিয়েছেন ৪৩ শতাংশ অর্থ। এক পরিদর্শন প্রতিবেদনে বাংলাদেশ ব্যাংক এ কথা বলেছে। গত ১৬ সেপ্টেম্বর কেন্দ্রীয় ব্যাংকের এক চিঠিতে এই অর্থ ব্যাংকে ফেরত এনে জমা করতে নির্দেশ দেওয়া হয়েছে।
২০ মার্চ অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় ব্যাংক এম আমানউল্লাহর আমান গ্রুপ অব ফাউন্ডেশনের চেরিটেবল কিডনি ডায়ালিসিস হাসপাতালের নামে এক কোটি ৯৯ লাখ ৬০ হাজার টাকার এই সিএসআর তহবিল অনুমোদন করে। কিন্তু বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন দল সরেজমিনে ফাউন্ডেশনের নামে কোনো জমি খুঁজে পায়নি। পরে এ বিষয়ে ২০ আগস্ট কেন্দ্রীয় ব্যাংক থেকে ব্যাংকের কাছে তথ্য চাইলে ২৭ আগস্ট তার জবাব দেওয়া হয়। সেখানে দেখা যায়, ২১ আগস্ট আমানউল্লাহ ৮৬৪ অযুতাংশ (৫.২৪ কাঠা) জমি দান করেছেন। অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের চিঠির পরের দিন এই দান করা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক চিঠিতে বলেছে, ‘ফলে পরিলক্ষিত হয় যে অনুদান প্রদানকালে ফাউন্ডেশনের নামে কোনো জমি না থাকলেও নিষ্কণ্টক জমি রয়েছে মর্মে মিথ্যা ঘোষণা প্রদান করা হয়। পরে সিএসআর-সংক্রান্ত অনিয়মের বিষয়ে বাংলাদেশ ব্যাংক তদন্ত শুরু করলে তড়িঘড়ি করে একটি দানপত্র দলিল সম্পাদন করা হলেও ফাউন্ডেশনের নামে নামজারি বা খাজনা প্রদানসংক্রান্ত কোনো কাগজ পাওয়া যায়নি।’ বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন প্রতিবেদনে আরও বলা হয়েছে, ওই এলাকায় মার্কেন্টাইল ব্যাংকের অনুদানের অর্থে একটি হাসপাতাল ভবন নির্মিত হলে এর পাশের প্লটগুলোর মূল্য বাড়বে এবং আমানউল্লাহ আর্থিকভাবে লাভবান হবেন।
যোগাযোগ করা হলে এম আমানউল্লাহ প্রথম আলোকে বলেন, দুই কোটি টাকা আসলে ছিল ব্যাংকের একটা অনুদান। কিডনি ডায়ালিসিস হাসপাতাল তৈরির জন্য এই অনুদান ব্যাংকের পর্ষদ সভাতে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়ে দেওয়া হয়েছিল। তবে এম আমানউল্লাহ বলেন, প্রক্রিয়াগত কিছু জটিলতা হয়েছে। অনুদানকে সিএসআর দেখানো ছিল ভুল। যে কারণে বাংলাদেশ ব্যাংকের নির্দেশ পাওয়ার পর তিনি ইতিমধ্যে নেওয়া ২০ লাখ টাকা ব্যাংকে ফেরত দিয়েছেন। পরে যদি নতুনভাবে প্রক্রিয়া করে অর্থ নেওয়া যায়, তবে সেদিকেই যাবেন। তিনি আরও বলেন, জমিটির পাওয়ার অব অ্যাটর্নি বা আমমোক্তারনামা দেওয়া ছিল শাখা ব্যবস্থাপককে। কিন্তু পাওয়ার অব অ্যাটর্নিতে জমি দান করা যায় না। সে কারণে বাংলাদেশ ব্যাংকের চিঠি পাওয়ার পর তিনি দান করেন। তবে নামজারি হতে দেরি হয়। এখন নামজারি ও অন্য সব কাজ শেষ হয়েছে দাবি করেন তিনি।
মার্কেন্টাইল ব্যাংকে পাঠানো কেন্দ্রীয় ব্যাংকের চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের পরিদর্শক দল কেরানীগঞ্জের জিঞ্জিরায় আনুমানিক ১০ ফুট প্রশস্ত ও ৩০০ ফুট দৈর্ঘে৵র একটি সরু গলির শেষ প্রান্তের একটি প্লটে ‘আমান ফাউন্ডেশন হেলথ সেন্টার’ ফলক দেখতে পায়। মার্কেন্টাইল ব্যাংকের কর্মকর্তারা পরিদর্শক দলকে জানান, এই জমিটি চেরিটেবল কিডনি ডায়ালিসিস হাসপাতালের জন্য নির্ধারিত স্থান। এই প্লটসহ আশপাশের সব প্লটই জলাশয় ভরাট করে তৈরি হয়েছে। কোনো নির্মাণ ছাড়াই ব্যাংক থেকে ইতিমধ্যেই ২০ লাখ টাকা উত্তোলন করা হয়েছে। বাকি এক কোটি ৮০ লাখ টাকা মার্কেন্টাইল ব্যাংকের প্রধান শাখা ও গুলশান শাখায় আমান গ্রুপ ফাউন্ডেশনের নামে সংরক্ষিত আছে।
বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন দলকে ব্যাংক হাসপাতালের ট্রেড লাইসেন্স, হাসপাতাল স্থাপনের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের বা স্বাস্থ্য অধিদপ্তরের কাছ থেকে কোনো অনুমোদন এবং সংশ্লিষ্ট দপ্তরের মহাপরিচালকের কাছে দেওয়া আবেদনপত্র ও সংশ্লিষ্ট কাগজপত্র, হাসপাতাল স্থাপনের জন্য প্রযোজ্য পরিবেশ অধিদপ্তরের অনাপত্তি ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারেনি। কেন্দ্রীয় ব্যাংক বলেছে, ‘জনাব আমানউল্লাহ কর্তৃক মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান থাকা অবস্থায় ব্যাংকের সিএসআরের টাকায় ব্যক্তিগত সুনাম সৃষ্টিসহ আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে ব্যাংক ব্যবস্থাপনাকে এই অনুদান প্রদানে প্রভাবিত করা হয়েছে এবং ভবিষ্যতে অসমাপ্ত হাসপাতালের ব্যয় নির্বাহের জন্য আরও অর্থ বের করে নেওয়ার পথ সুগম করা হয়েছে, যা অনৈতিক।’
কেন্দ্রীয় ব্যাংক দায়ী কর্মকর্তাদের চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করে বাংলাদেশ ব্যাংককে জানাতে বলেছে। একই সঙ্গে ব্যাংকের পরিচালনা পর্ষদের পরের সভায় বিষয়টি উত্থাপন করে গৃহীত সিদ্ধান্ত জানাতে বলেছে।