মিথ্যা তথ্য দিয়ে আবার চাকরিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলার আসামি হওয়ায় নাটোরের রানিভবানী সরকারি মহিলা কলেজের এক শিক্ষক চাকরি থেকে সাময়িক বরখাস্ত হয়েছিলেন। এখনো তিনি নিয়মিত মামলায় হাজিরা দিচ্ছেন।
অভিযোগ উঠেছে, ওই শিক্ষক মামলা খারিজ হয়েছে বলে মিথ্যা তথ্য দিয়ে বরখাস্ত আদেশ প্রত্যাহার করিয়ে নেন। এরপর তিনি রাজশাহী কলেজে যোগদান করেন।
ওই শিক্ষকের নাম রফিকুল ইসলাম। তাঁর বাড়ি বগুড়ার শিবগঞ্জ উপজেলার জানগ্রাম এলাকায়। এ বিষয়ে রফিকুলের নামে দায়ের করা মামলার বাদী গত ফেব্রুয়ারি মাসে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে লিখিত অভিযোগ করলেও এখন পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
অভিযোগ সূত্রে জানা যায়, বগুড়ার নন্দীগ্রাম থানার আচুয়ার পাড়া এলাকার মুক্তিযোদ্ধা আকবর আলীর মেয়ে শাহনাজ পারভীনের সঙ্গে ২০১২ সালের ২২ সেপ্টেম্বর শিবগঞ্জ উপজেলার জানগ্রাম এলাকার রফিকুল ইসলামের বিয়ে হয়। এর পর থেকেই রফিকুল ইসলাম যৌতুক হিসেবে পাঁচ লাখ টাকা ও একটি প্রাইভেট কারের দাবিতে নির্যাতন করে আসছিলেন।
শাহনাজ পারভীন জানান, ২০১২ সালের অক্টোবর মাসে তিনি তাঁর স্বামীর বগুড়া শহরের সুলতানগঞ্জ ঘোনপাড়ার বাসায় ছিলেন। যৌতুকের দাবি না মেটানোর কারণে ১২ অক্টোবর রাতে তাঁকে নির্যাতন করে হত্যার চেষ্টা করা হয়। একই উদ্দেশ্যে পরের দিন সকালেও মারধর করে তাঁকে গুরুতর জখম করা হয়। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় তাঁর ভাই তাঁকে উদ্ধার করে বগুড়া সরকারি মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করান। সেখানে ২০ অক্টোবর পর্যন্ত চিকিৎসাধীন ছিলেন। এ বিষয়ে ১৮ অক্টোবর বগুড়া সদর থানায় তাঁর স্বামী রফিকুল ইসলামসহ তাঁর পরিবারের ছয়জনের নামে একটি মামলা করা হয়। মামলাটি বর্তমানে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এ বিচারাধীন।
২০১৪ সালের ২০ অক্টোবর রফিকুল ইসলামের নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১ (ক) ধারায় অভিযোগপত্র গঠন করা হয়। মামলায় আগামী ২৬ মে হাজিরার তারিখ ধার্য করা হয়েছে। রফিকুল ইসলাম মামলাটিতে নিয়মিত ওই আদালতে হাজিরা দিয়ে আসছেন। সর্বশেষ গত ১৫ ফেব্রুয়ারি রফিকুল ওই মামলায় হাজিরা দিয়েছেন।
অভিযোগ সূত্রে আরও জানা যায়, মামলার পর ২০১২ সালের ২২ অক্টোবর রফিকুল উচ্চ আদালত থেকে জামিন নিয়ে আসেন। এরপর সরকারি চাকরির বিধানমালা অনুযায়ী ২০১৩ সালের ২৫ নভেম্বর রফিকুল ইসলামকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়। কিন্তু এরপর তিনি মিথ্যা তথ্য দিয়ে চাকরিতে পুনর্বহাল হয়েছেন।
শাহনাজ পারভীন অভিযোগ করেন, মামলাটি তুলে নেওয়ার জন্য রফিকুল তাঁকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছেন। রফিকুল ২০১২ সালের ১৫ নভেম্বর শাহনাজের কর্মস্থল বড়ুইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত হয়ে অপহরণের চেষ্টা চালান। এ বিষয়ে নন্দীগ্রাম থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়। ২০১৩ সালের ১৪ ফেব্রুয়ারি আবারও লোক পাঠিয়ে শাহনাজকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ ঘটনায় নন্দীগ্রাম থানায় আরেকটি মামলা করা হয়।
শাহনাজ পারভীন জানান, একজন সরকারি চাকরিজীবী হিসেবে রফিকুলের বিরুদ্ধে মামলা থাকায় তিনি চাকরিতে বহাল থাকতে পারেন না। এ জন্য তাঁকে সাময়িক বরখাস্তও করা হয়। কিন্তু বিচারাধীন মামলার বিষয়ে মিথ্যা তথ্য দিয়ে তিনি আবারও চাকরিতে বহাল হয়েছেন। চাকরিতে বহাল থেকেই মামলা প্রত্যাহারের জন্য বিভিন্নভাবে হুমকি ও হয়রানি করে আসছেন।
তাঁর বিরুদ্ধে মামলা চলমান আছে কি না, জানতে চাইলে রফিকুল ইসলাম প্রশ্নের কোনো জবাব না দিয়ে বলেন, ওই মামলার বাদী তাঁর স্ত্রী নন। ওই নারী জোর করে একটি কাগজে তাঁর সই নিয়েছিলেন। তাঁর সঙ্গে ওই নারীর আর বৈবাহিক কোনো সম্পর্ক নেই। তিনি দাবি করেন, ওই নারীর বিরুদ্ধেও অনেক মামলা রয়েছে। কিন্তু তাঁর বিরুদ্ধে নারী নির্যাতনের মামলাটি চলমান আছে কি না, তিনি গত ১৫ ফেব্রুয়ারি আদালতে হাজিরা দিয়েছেন কি না—কিছুতেই তিনি এ প্রশ্নের জবাব দেননি।