মিথ্যা পরিচয় দিয়ে কিডনি প্রতিস্থাপন
ভাই পরিচয় দিয়ে এক যুবকের শরীর থেকে একটি কিডনি নিয়ে অন্য একজনের শরীরে প্রতিস্থাপন করা হয়েছে। গত সপ্তাহে কিডনি প্রতিস্থাপনের এ ঘটনা ঘটেছে রাজধানীর বারডেম হাসপাতালে।
ওই যুবকের মা, খালা কিডনি গ্রহীতার আত্মীয়ের সঙ্গে কথা বলে এবং কাগজপত্র দেখে জানা গেছে, কিডনিদাতা কিডনি গ্রহীতার ভাই নন, এমনকি নিকটাত্মীয়ও নন। প্রচলিত আইন ভেঙে এই কিডনি দেওয়া-নেওয়া হয়েছে।
গত বুধবার দুপুরে বারডেম হাসপাতালে ওই যুবক প্রথম আলোকে বলেন, তিনি নিজের ভাইকে স্বেচ্ছায় কিডনি দিয়েছেন। কোনো অর্থের লেনদেন হয়নি। সন্ধ্যায় মুঠোফোনে তিনি বলেন, ‘আমার টাকা-পয়সার খুব দরকার ছিল, তাই এ কাজ করতে বাধ্য হয়েছি। আমার যেন কোনো ক্ষতি না হয়, তা আপনারা দেখবেন।’ ওই যুবক দাবি করেছেন, হাসপাতালের লোকদের মাধ্যমে তাঁর সঙ্গে কিডনি গ্রহীতা ও তাঁর স্বজনদের পরিচয় হয়।
অঙ্গপ্রত্যঙ্গ সংযোজন আইনে ১২ জন নিকটাত্মীয় (বাবা-মা, ছেলে-মেয়ে, ভাই-বোন, স্বামী-স্ত্রী, চাচা-ফুপু, মামা-খালা) প্রয়োজনে একজনের কিডনি অন্যজনকে স্বেচ্ছায় দান করতে পারেন। বারডেমে চিকিৎসাধীন ওই যুবকের আত্মীয়রা অভিযোগ করেছেন, টাকার লোভ দেখিয়ে বা ফাঁদে ফেলে কিডনি নেওয়া হয়েছে। ওই যুবকের মা ও ফুপু বলেন, কিডনি গ্রহীতা তাঁদের আত্মীয় নন।
হাসপাতালের কাগজপত্রে দেখা যায়, ভাই হিসেবে ওই যুবক কিডনি দিতে সম্মত হয়েছেন। আর অস্ত্রোপচারে সম্মতি দিয়ে কাগজপত্রে স্বাক্ষর করেছেন গত ২৯ অক্টোবর। যুবক বলেছেন, তাঁর বাঁ পাশের কিডনি নেওয়া হয়েছে।
কিডনি গ্রহীতার আত্মীয়রা বুধবার দুপুর পর্যন্ত হাসপাতালে ওই যুবকের কক্ষে ছিলেন। এই প্রতিবেদককে তাঁরা ওই যুবকের সঙ্গে কথা বলতে বাধা দেন। তবে ওই দিন বিকেলে মুঠোফোনে যোগাযোগ করলে তাঁদের একজন বারবার বলতে থাকেন, ‘নেটওয়ার্কে সমস্যা হচ্ছে। কথা বোঝা যাচ্ছে না।’
জানতে চাইলে বারডেমের কিডনি প্রতিস্থাপন শাখার পরিচালক মো. আবুল মনসুর প্রথম আলোকে বলেন, একটি উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি দাতা ও গ্রহীতার সম্পর্কের ব্যাপারে নিশ্চিত হওয়ার পর চিকিৎসকেরা প্রতিস্থাপনের উদ্যোগ নেন। এ ক্ষেত্রেও তাই হয়েছে।
ওই কমিটির একজন সদস্য হাসপাতালের পরিচালক শহিদুল হক মল্লিক। তিনি বলেন, জাতীয় পরিচয়পত্র, সংশ্লিষ্ট থানা ও ইউনিয়ন পরিষদের প্রত্যয়নপত্রের ওপর ভিত্তি করে কমিটি সম্পর্কের ব্যাপারে নিশ্চিত হয়। এই ‘ভাইদের’ ব্যাপারেও কমিটির সদস্যরা ওই সব কাগজপত্রের ওপর নির্ভর করেছেন।
কিডনিদাতা যুবকের আত্মীয়রা অন্যায়ের প্রতিকারের জন্য বুধবার দুপুরে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির যুগ্ম মহাসচিব অধ্যাপক রশীদ-ই-মাহবুবের সঙ্গে দেখা করেন। এই প্রতিবেদকও তখন সেখানে উপস্থিত ছিলেন। রশীদ-ই-মাহবুব তাঁদের বলেন, হাসপাতালের প্রক্রিয়ার মধ্যে কোনো ত্রুটি থাকলে অথবা কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে কোনো অনিয়ম হলে কর্তৃপক্ষ তা খতিয়ে দেখবে এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।