মিথ্যা পরিচয়ে বিয়ে, খুনের অভিযোগে স্বামী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ত্রীকে গলা টিপে হত্যার অভিযোগে জুয়েল বিশ্বাস ওরফে ইমন (৩০) নামে এক রংমিস্ত্রিকে গত বুধবার গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ বলছে, আসল পরিচয় লুকিয়ে দ্বিতীয় বিয়ের পর প্রথম স্ত্রীকে জুয়েল গলা টিপে হত্যা করেন।
গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এ সময় লালবাগ বিভাগের উপকমিশনার মফিজ উদ্দিন আহম্মেদ বলেন, জিজ্ঞাসাবাদে স্ত্রী নাসিমা বেগমকে (২৫) গলা টিপে হত্যার কথা স্বীকার করেছেন জুয়েল। গত ৩০ জুন রাজধানীর কামরাঙ্গীরচরের রসুলপুরের একটি বাড়ি থেকে নাসিমার গলিত লাশ উদ্ধার করেছিল পুলিশ।
পুলিশ জানায়, প্রায় ছয় বছর আগে ধানমন্ডিতে একটি বাসায় রঙের কাজ করার সময় জুয়েলের সঙ্গে নাসিমার পরিচয় হয়। নাসিমা সেই বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করতেন। তখন জুয়েল মিথ্যা পরিচয় দিয়ে নিজের নাম ইমন এবং বাড়ি বরিশাল বলে তাঁর সঙ্গে সম্পর্ক ও পরে বিয়ে করেন। কিন্তু বিয়ের পরে নাসিমাকে কখনো নিজের গ্রামের বাড়ি গোপালগঞ্জে নেননি জুয়েল। নাসিমা তাঁর বাবার বাড়ি যশোরে থাকতেন। এর মধ্যেই তাঁদের একটি ছেলে হয়। ওই ছেলের বয়স এখন সাড়ে চার বছর।
পুলিশের লালবাগ বিভাগের জ্যেষ্ঠ সহকারী কমিশনার ফয়জুর রহমান বলেন, জিজ্ঞাসাবাদে জুয়েল জানিয়েছেন, তিনি পরে আরেকটি বিয়ে করেন। দুই বছর আগে তাঁর দ্বিতীয় স্ত্রী সুমি প্রথম বিয়ের বিষয়টি জেনে যান। তখন জুয়েল আবারও মিথ্যা বলেন যে, তাঁর প্রথম স্ত্রী মারা গেছেন, তবে তাঁদের একটি ছেলে আছে। তখন থেকেই নাসিমাকে হত্যার চিন্তা শুরু করেন জুয়েল।
ফয়জুর রহমান আরও বলেন, গত ২৬ জুন ঢাকার কামরাঙ্গীরচরে একটি বাসা ভাড়া নেন জুয়েল। ২৭ জুন নাসিমা ও ছেলেকে যশোর থেকে ঢাকায় আনেন। ২৮ জুন রাতে ছেলে ঘুমিয়ে পড়ার পর জুয়েল মুখে কাপড় চেপে ধরে শ্বাসরোধে নাসিমাকে হত্যা করেন। সকালে দরজায় তালা ঝুলিয়ে ছেলেকে নিয়ে গোপালগঞ্জে গ্রামের বাড়ি চলে যান জুয়েল।
পুলিশ জানায়, ৩০ জুন ওই ঘর থেকে পচা গন্ধ পেয়ে বাড়িওয়ালা পুলিশকে খবর দেন। এরপর তালা ভেঙে হাত-পা বাঁধা ওই নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। তবে ওই বাড়ির মালিক বা আশপাশের কেউ নিহতের নাম-পরিচয় জানাতে পারেননি। বাড়ির মালিক জানান, দুই দিন আগে ওই ভাড়াটে পরিবারটি বাসায় ওঠেন। ওই বাসা থেকে জুয়েলের একটি ছবিও পাওয়া যায়। এ ছাড়া তৃতীয় তলার এক বাসিন্দার কাছ থেকে পুলিশ জানতে পারে, নিহতের গ্রামের বাড়ি যশোরের কোতোয়ালির পালবাড়িতে। সেই সূত্র ধরে পুলিশ নাসিমার পরিচয় বের করে। নাসিমার পরিবার জানায়, স্বামী-ছেলের সঙ্গে ২৬ জুন যশোর থেকে ঢাকায় গেছেন নাসিমা। তাঁরা নাসিমার কথিত স্বামী ইমনের একটি ফোন নম্বরও দেন। সেই নম্বরের সূত্র ধরে পুলিশ নিশ্চিত হয় যে জুয়েল ও ইমন একই ব্যক্তি। পরে গত বুধবার রাতে ধানমন্ডির ভাইয়ের বাসা থেকে জুয়েলকে গ্রেপ্তার করা হয়।