মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন আ.লীগ নেতা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য ও শিবালয় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রেজাউর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে লোকজনকে হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে জনপ্রতিনিধিসহ কয়েক ব্যক্তি এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে শিবালয় উপজেলার আরুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আক্তারুজ্জামান খান, তেওতা ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, শিবালয় ইউপি চেয়ারম্যান মোবারক হোসেন, আরুয়া ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য বিল্লাল হোসেন, ধুতরাবাড়ী গ্রামের ব্যবসায়ী মোবারক হোসেনসহ আরও কয়েকজন উপস্থিত ছিলেন।
আক্তারুজ্জামান খান বলেন, গত ২৩ মে রেজাউর রহমান খানের বাড়িতে ডাকাতি হয়। এ ঘটনায় মামলা হয়। তবে নির্বাচনসংশ্লিষ্ট দ্বন্দ্ব ও শত্রুতার জের ধরে জনপ্রতিনিধিদের (আক্তারুজ্জামানসহ) মামলায় ফাঁসানো হয়েছে। অথচ ইতিমধ্যে অপরাধীদের গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে ঘটনার রহস্য উন্মোচিত হয়েছে।
আক্তারুজ্জামান বলেন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর (আসাদুজ্জামান কামাল) আত্মীয় পরিচয়ে রেজাউর রহমান পুলিশকে ব্যবহার করে এলাকার মানুষকে মামলায় জড়িয়ে গ্রেপ্তার বাণিজ্য করছেন। এ জন্য ভুক্তভোগীরা হয়রানি বন্ধে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সহযোগিতা কামনা করছেন।
যোগাযোগ করা হলে এসব অভিযোগ অস্বীকার করেন রেজাউর রহমান খান। তিনি বলেন, একসঙ্গে মুক্তিযুদ্ধে অংশ নেওয়ায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে তাঁর সুসম্পর্ক রয়েছে। তিনি পাল্টা অভিযোগ করেন, গত মঙ্গলবার ইউপি চেয়ারম্যান আক্তারুজ্জামান তাঁর বাড়ির সামনে দিয়ে অর্ধশত মোটরসাইকেল নিয়ে মহড়া দিয়েছেন।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, জিডির কপি রাখা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।