মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুর কলেজের একজন সহকারী অধ্যাপকের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি, হুমকি ও নির্যাতনের অভিযোগ এনে তাঁর চাচাতো ভাই সংবাদ সম্মেলন করেছেন। গতকাল মঙ্গলবার মির্জাপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন হয়।
ওই শিক্ষকের নাম মো. শহীদুল্লাহ। তাঁর বাড়ি মির্জাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের ইচাইল গ্রামে। তাঁর চাচাতো ভাই রফিকুল ইসলাম। তিনি সপরিবার ঢাকার উত্তরায় থেকে ব্যবসা করেন।
সংবাদ সম্মেলনে রফিকুল ইসলামের পক্ষে তাঁর চাচাতো ভাই ভাওয়াল সরকারি বদরে আলম কলেজের সহকারী অধ্যাপক মিয়া মোহাম্মদ সেলিম লিখিত বক্তব্য পড়েন। এ সময় রফিকুল, তাঁর স্ত্রী রিতা সুলতানা, মেয়ে রাইজা ইতনাত সাকেরা, চাচা আবদুল আওয়াল, ইচাইল মধ্যপাড়া এলাকার মো. শাজাহান মিয়া, আবদুল আলিমসহ গ্রামের কয়েকজন উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে বলা হয়, মো. শহীদুল্লাহ গ্রামে আধিপত্য বিস্তার করতে রফিকুল ইসলামসহ তাঁর পরিবার ও গ্রামের অনেকের বিরুদ্ধে বিভিন্ন সময় নামে-বেনামে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব), পুলিশ, গোয়েন্দা বিভাগসহ (ডিবি) প্রশাসনের বিভিন্ন স্তরে মিথ্যা অভিযোগ দিয়ে দীর্ঘদিন ধরে হয়রানি করে আসছেন। তিনি রফিকুলের বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা করেছেন এবং নানা অপকর্ম অব্যাহত রেখেছেন। সম্প্রতি ইচাইল গ্রামে মারামারি হয়। সে সময় রফিকুল ঢাকায় ও মিয়া মোহাম্মদ গাজীপুরে থাকলেও মির্জাপুর থানায় তাঁদের আসামি করে মামলা করা হয়। এর আগে আরও একটি মিথ্যা অভিযোগ করেন শহীদুল্লাহ। মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) বদিউজ্জামান তদন্তে ঘটনার সত্যতা না পেয়ে মো. শহীদুল্লাহকে দুষ্টুপ্রকৃতির লোক উল্লেখ করেন।
এ ব্যাপারে মো. শহীদুল্লাহ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, রফিকুল ইসলাম ও সহযোগীরা তাঁকে ও তাঁর ভাগনে সাদ্দাম হোসেনকে বিভিন্ন সময় হত্যার হুমকি দিয়ে আসছিলেন। সম্প্রতি সাদ্দামকে ভাড়াটে সন্ত্রাসী দিয়ে পিটিয়ে আহত করেন রফিকুল। এ ঘটনায় মির্জাপুর থানায় অভিযোগ দেওয়া আছে।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন বলেন, সাদ্দামকে পেটানোর ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।