মিথ্যা ময়নাতদন্ত প্রতিবেদন দেওয়ায় চিকিৎসকও আসামি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ওয়াহিদা সিফাত হত্যা মামলায় মিথ্যা ময়নাতদন্ত প্রতিবেদন দেওয়ায় ওই মামলায় চিকিৎসকের বিরুদ্ধেও অভিযোগপত্র দিয়েছে পুলিশ। আজ বুধবার দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আহম্মেদ আলী রাজশাহীর মহানগর মুখ্য হাকিম আদালতে এ অভিযোগপত্র দেন।
অভিযুক্ত চিকিৎসকের নাম জোবাইদুর রহমান। তিনি রাজশাহী মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান ছিলেন। বর্তমানে তিনি মানিকগঞ্জ মেডিকেল কলেজে কর্মরত।
অভিযোগপত্রভুক্ত অন্য আসামিরা হলেন, নিহত সিফাতের স্বামী আসিফ, শ্বশুর হোসেন মোহাম্মদ রমজান ও শাশুড়ি নাজমুন নাহার। চার আসামির মধ্যে আসিফ কারাগারে এবং তাঁর বাবা ও মা জামিনে রয়েছেন।
নিহত সিফাত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রাক্তন শিক্ষার্থী। গত বছরের ২৯ মার্চ সন্ধ্যায় রাজশাহী মহানগরের মহিষবাথান এলাকায় শ্বশুর বাড়িতে অস্বাভাবিক মৃত্যু হয় তাঁর। তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল বলে জানায় পুলিশ। শ্বশুরবাড়ির লোকজন দাবি করেন, সিফাত আত্মহত্যা করেছেন। তবে সিফাতের চাচা মিজানুর রহমান খন্দকার এ ঘটনায় মহানগরের রাজপাড়া থানায় হত্যা মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা আহম্মেদ আলী সাংবাদিকদের বলেন, সিফাতের প্রথম ময়নাতদন্তে চিকিৎসক জোবাইদুর রহমান আঘাতজনিত কারণে মৃত্যুর বিষয়টি গোপন করে আত্মহত্যা বলে প্রতিবেদন দেন। পরে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দ্বিতীয়বার ময়নাতদন্ত করা হয়। এ হাসপাতালের চিকিৎসকেরা আঘাতজনিত কারণে সিফাতের মৃত্যু হয়েছে বলে প্রতিবেদন দেন। আগে মিথ্যা প্রতিবেদন দেওয়ায় চিকিৎসক জোবায়দুর রহমানের বিরুদ্ধেও অভিযোগপত্র দেওয়া হয়।
এ ব্যাপারে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে চিকিৎসক জোবাইদুর ফোন ধরেননি।