মিথ্যা হলফনামা দেওয়ায় আইনজীবীকে অপসারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমপিওভুক্ত একটি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রভাষক হিসেবে কাজ চালিয়ে যাওয়া সত্ত্বেও মিথ্যা হলফনামা দিয়ে আইন পেশা পরিচালনা করায় এক আইনজীবীকে অপসারণ করেছে বাংলাদেশ বার কাউন্সিল।

আইনজীবীদের তদারক ও নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের ট্রাইব্যুনাল-২ গতকাল বুধবার এ সিদ্ধান্ত দেয়।

কুমিল্লা জেলা আইনজীবী সমিতির ওই সদস্যের নাম মো. কামরুজ্জামান চৌধুরী।

শ ম রেজাউল করিমের নেতৃত্বাধীন তিন সদস্যের এই ট্রাইব্যুনালের রায়ে বলা হয়, কামরুজ্জামান চৌধুরীর প্রভাষক ও আইন পেশা একসঙ্গে পরিচালনার বিষয়টি প্রমাণিত হয়েছে। পেশাগত অসদাচরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার অ্যান্ড রুলস ১৯৭২-এর ৩২(১) ধারা অনুযায়ী তাঁকে আইন পেশা থেকে অপসারণ করা হলো।

ট্রাইব্যুনালের বেঞ্চ অফিসার কামনাশীষ রায় প্রথম আলোকে বলেন, ১৯৯৯ সালের ২৩ ডিসেম্বর থেকে এখন পর্যন্ত কুমিল্লার এমপিওভুক্ত স্থানীয় একটি কামিল মাদ্রাসায় রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে কামরুজ্জামান চৌধুরী প্রভাষক হিসেবে কাজ করে আসছিলেন। বিষয়টি গোপন করে তিনি মিথ্যা হলফনামা দিয়ে আইন পেশা পরিচালনা করছিলেন। ২০০২ সালের ২০ অক্টোবর তিনি আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ওই কামিল মাদ্রাসার অধ্যক্ষ আ ন ম মাইনুদ্দিন শিকদার এ বিষয়ে বার কাউন্সিলে অভিযোগ করেন। ওই অভিযোগের শুনানি শেষে এ আদেশ হলো।

আইনজীবীদের সঙ্গে কথা বলে জানা যায়, বার কাউন্সিলের এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে ৯০ দিনের মধ্যে আবেদন করার সুযোগ রয়েছে সংক্ষুব্ধ পক্ষের।