মানব পাচারের চেষ্টার অভিযোগে শেরপুর সদর থানার পুলিশ গতকাল মঙ্গলবার ভোরে মিয়ানমারের এক নাগরিকসহ মানব পাচারকারী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে। এ সময় দুই নারীকেও পুলিশ উদ্ধার করে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মিয়ানমারের মংগদু থানার আলিথানচু এলাকার হাসান আলীর ছেলে আবদুর রহমান (১৮), কক্সবাজারের টেকনাফ উপজেলার পল্লমপাড়া এলাকার আলী জুহার ছেলে সাদ্দাম হোসেন (২২) ও শেরপুর জেলা সদরের বাকেরকান্দা গ্রামের মিস্টার আলীর ছেলে মজিবর রহমান (৪০)।
উদ্ধার হওয়া দুই নারী হলেন কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপের আবুল ফায়েজের স্ত্রী ইয়াসমিন (২৮) ও আবদুল কুদ্দুসের স্ত্রী নূর কায়েজ (১৮)।
গতকাল বিকেলে পুলিশ উদ্ধার হওয়া দুই নারী ও গ্রেপ্তার করা তিনজনকে শেরপুর মুখ্য বিচারিক হাকিমের আদালতে সোপর্দ করে। আদালত গ্রেপ্তার হওয়া তিনজনকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ ছাড়া দুই নারীকে কারাগারে নিরাপত্তা হেফাজতে রাখারও আদেশ দেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাসপোর্ট কার্যালয়ের দালাল হিসেবে পরিচিত বাকেরকান্দা গ্রামের মজিবর দীর্ঘদিন ধরে আবদুর রহমান ও সাদ্দাম হোসেনের সহযোগিতায় জাল পরিচয়ে পাসপোর্ট তৈরি করে দিয়ে কক্সবাজারে অবস্থানরত মিয়ানমারের রোহিঙ্গাসহ অন্যদের বিদেশে পাচারের কাজে জড়িত ছিলেন। আর এ উদ্দেশ্যে চক্রটি ওই দুই নারীকে টেকনাফ থেকে বিদেশে পাঠানোর জন্য শেরপুরে নিয়ে আসে। গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার পুলিশ গতকাল ভোরে বাকেরকান্দা গ্রামে মজিবরের বাড়িতে অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেপ্তার এবং দুই নারীকে উদ্ধার করে।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল করিম প্রথম আলোকে বলেন, এ ব্যাপারে সদর থানার উপপরিদর্শক (এসআই) বন্দে আলী মিয়া বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে মানব পাচার প্রতিরোধ দমন আইনে সদর থানায় একটি মামলা করেছেন। এ ছাড়া মিয়ানমারের নাগরিক আবদুর রহমানের বিরুদ্ধে অননুমোদিতভাবে বাংলাদেশে ভ্রমণের অভিযোগে আরও একটি মামলা করা হয়েছে। গ্রেপ্তার হওয়া তিনজন পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মানব পাচারকাজে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে।