মিরকাদিমে আ.লীগ প্রার্থীর ক্যাম্পে অগ্নিসংযোগ
মুন্সিগঞ্জের মিরকাদিম পৌরসভার নগর কসবা এলাকায় গত সোমবার গভীর রাতে আওয়ামী লীগের প্রার্থী শহীদুল ইসলামের একটি নির্বাচনী ক্যাম্প কে বা কারা পুড়িয়ে দিয়েছে। এ বিষয়ে তিনি গতকাল মঙ্গলবার রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
এর আগে সোমবার মুন্সিগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে বিএনপির মেয়র পদপ্রার্থী মো. শামসুর রহমান ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মনছুর আহমদ শহীদুল ইসলামের বিরুদ্ধে তাঁদের সমর্থকদের মারধরের অভিযোগ করেন।
শহীদুল ইসলাম বলেন, বিএনপির প্রার্থী মো. শামসুর রহমান ও মনছুর আহমদের লোকজন অগ্নিসংযোগের ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন। কারণ, একটি টেলিভিশন চ্যানেলে বিএনপির প্রার্থী তাঁর সাক্ষাৎকারে বলেছিলেন যে নৌকার প্রার্থীর লোকজন নিজেদের ক্যাম্পে আগুন দিয়ে তাঁদের (বিএনপি) নাম দিতে পারেন। তাই বিএনপির প্রার্থীকে তাঁর সন্দেহ হচ্ছে। এ ছাড়া এ সুযোগ কাজে লাগিয়ে মনছুর আহমদও তাঁর সমর্থকদের দিয়ে এমন কাণ্ড ঘটিয়ে থাকতে পারেন।
এ ব্যাপারে মনছুর আহমদের মুঠোফোনে কল করা হলেও তিনি ধরেননি। বিএনপির প্রার্থী মো. শামসুর রহমান বলেন, ‘তাঁরা (শহীদুল) নিজেরাই আগুন দিয়ে আমাদের দোষারোপ করছেন।’
রিটার্নিং কর্মকর্তা মো. ফয়সাল কাদের বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।