মিরপুর উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের ওপর হামলার ঘটনায় কুষ্টিয়ার মিরপুর উপজেলা যুবলীগের সভাপতি আবুল কাশেম জোয়াদ্দারকে (৩০) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল সোমবার সকাল ১০টার দিকে উপজেলার সুলতানপুর গ্রামের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
কুষ্টিয়ার গোয়েন্দা পুলিশ (ডিবি) সূত্রে জানা গেছে, ফল কেনাকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে মিরপুরের ঈগল চত্বরে অবস্থিত বকুল ফল ভান্ডারের মালিক মো. বকুলের সঙ্গে উপজেলা যুবলীগের সভাপতি কাশেম জোয়াদ্দারের বাগ্বিতণ্ডা হয়। এ সময় কাশেম জোয়াদ্দার বকুলকে মারধর করেন বলে অভিযোগ রয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে কাশেম জোয়াদ্দারের লোকজন পুলিশের ওপর হামলা চালান। এ ঘটনায় ওই দিন রাতেই পুলিশ বাদী হয়ে একটি মামলা করে।