মিরপুর থেকে নিখোঁজ দুই তরুণের চার স্বজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিরকুট রেখে রাজধানীর মিরপুর থেকে নিখোঁজ দুই তরুণের চার স্বজনকে গতকাল সোমবার দুপুরের দিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বলছে, তাঁদের কাছ থেকে ককটেল, পেট্রল ও জিহাদি বই উদ্ধার করা হয়েছে।
নিখোঁজ দুই তরুণ রাফিদ আল হাসান ও আয়াদ হাসান গত বছরের ৯ আগস্ট তাঁদের মিরপুরের বাসা থেকে নিখোঁজ হন। ধারণা করা হচ্ছে, বিমানবন্দর সড়কের গোলচত্বরে বোমা বিস্ফোরণে নিহত হন তরুণ আয়াদ। রাফিদ কোথায় আছেন সে সম্পর্কে কোনো তথ্য এখনো পাওয়া যায়নি।
গতকাল মিরপুরের পর্বতা থেকে গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন রাফিদ আল হাসানের বাবা তৌফিক হাসান, ভাই আহাম্মদ রাকিব আল হাসান ও মামাতো ভাই আরেফিন ইসলাম এবং তৌফিক হাসানের আত্মীয় শামসুল হক। মিরপুর মডেল থানা এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।
রাফিদ আল হাসান ও আয়াদ হাসান নিখোঁজ হওয়ার পর আয়াদের মা মিরপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। সেখানে তিনি তাঁর ছেলের জঙ্গিবাদে জড়িয়ে পড়ার জন্য আরেফিন ইসলামকে দায়ী করেছিলেন। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র আরেফিন ইসলাম কারাগার থেকে মাস কয়েক আগে জামিনে ছাড়া পান।
এ বিষয়ে জানতে রাফিদের মা ও আয়াদের মায়ের বাসায় গিয়ে এবং তাঁদের ফোনে যোগাযোগ করে সাড়া পাওয়া যায়নি।