এক কোটি টাকার জাল নোটসহ গ্রেপ্তার ৬
রাজধানীর মিরপুরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এক কোটি ২০ লাখ টাকার জাল নোটসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, বাদশা মিয়া, আব্দুল জলিল, জয়নাল খন্দকার, মো. বায়েজিদ বোস্তামী, মো. মহসীন ও সোহাগ। ঘটনাস্থল থেকে জাল টাকার নোট তৈরির সরঞ্জাম জব্দ করেছে ডিবি।
ডিবি পুলিশের ভাষ্য, গ্রেপ্তার ব্যক্তিরা জাল টাকার নোট তৈরির চক্রের সঙ্গে জড়িত। ঈদকে সামনে রেখে এ ধরনের চক্রগুলো সক্রিয় হয়ে উঠেছে।
আজ মঙ্গলবার ঢাকার মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে এসব কথা জানান ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম। গতকাল সোমবার রাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।
মনিরুল ইসলামের ভাষ্য, জাল টাকার নোট তৈরির চক্রের প্রধান হলেন বাদশা মিয়া। তিনি অত্যন্ত নিখুঁতভাবে জাল নোট তৈরি করেন। এক লাখ টাকার জাল নোট চার থেকে আট হাজার টাকায় ডিলারদের কাছে বিক্রি করা হয়। ডিলাররা আবার তা ২৫ হাজার টাকায় খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করেন। কয়েক হাত ঘুরে এর দাম দাঁড়ায় ৪০ হাজার টাকা। পরে বাজারে ছাড়া হয়। বাদশা মিয়ার বিরুদ্ধে মামলা রয়েছে। এর আগেও তাঁকে দুইবার গ্রেপ্তার করা হয়েছে।
মনিরুল ইসলাম আরও বলেন, পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে বাদশা মিয়াসহ জাল টাকার নোট তৈরির ১০/১২টি চক্র সক্রিয় হয়ে উঠেছে। এবারের ঈদে এটিই ছিল বাদশা মিয়ার প্রথম চালান।