মিরপুরে এক ব্যক্তিকে গুলি করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুর এলাকায় জাহিদুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাঁকে হত্যা করা হয়।

নিহত জাহিদুলের মিরপুর ১১ নম্বরের পাঁচ নম্বর অ্যাভিনিউতে ওষুধের দোকান রয়েছে। সেখানেই তাঁকে হত্যা করা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, জাহিদুলের মাথায় গুলি করা হয়েছে।

নিহত জাহিদুলের ভাই রুবেলের ভাষ্য, গতকাল রাত সাড়ে ১২টার দিকে জাহিদুল তাঁর ওষুধের দোকান মেডিকেয়ার ফার্মেসিতে বসেছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাঁকে ঘিরে ধরে। তাঁদের মধ্যে একজন জাহিদুলের মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে। তাঁকে প্রথমে মিরপুরের একটি প্রাইভেট ক্লিনিকে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাত পৌনে দুইটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহতের লাশ ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের মর্গে রাখা আছে।

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোজাম্মেল হক জাহিদুলকে গুলি করে হত্যার খবর জানিয়েছেন।