মিরপুরে এক স্কুলছাত্রকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুর ১১ নম্বর সেকশনে গতকাল মঙ্গলবার মেহেদী হাসান (১৫) নামের এক স্কুলছাত্রকে হত্যা করা হয়েছে। তার পরিবারের অভিযোগ, খেলা নিয়ে বিরোধকে কেন্দ্র করে মেহেদীকে পাশের বাসায় ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়।
মিরপুরের বাংলা উচ্চবিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষার্থী মেহেদী ব্যবসায়ী মো. মোশাররফের ছেলে। তাদের বাসা মিরপুর ১১ নম্বর সেকশনের সি ব্লকে।
মেহেদীকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার চাচা এম এ লতিফ। তিনি বলেন, মাগরিবের নামাজের পর মেহেদীকে তার এক সহপাঠী ডেকে পাশেই তাদের বাসায় নিয়ে গিয়েছিল।
প্রতিবেশী সূত্র জানায়, ওই সহপাঠীর বাসার ষষ্ঠতলায় কয়েকজন মেহেদীকে মারধর করে। পরে তাকে ওই বাসার লোকজন মিরপুরের একটি হাসপাতালে রেখে পালিয়ে যায়। স্বজনেরা খবর পেয়ে তাকে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। রাত সাড়ে নয়টার দিকে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশের পল্লবী বিভাগের সহকারী কমিশনার কামাল হোসেন জানান, মেহেদীকে হত্যার সঙ্গে জড়িতদের আটক করার চেষ্টা চলছে।