মিরপুরে এক হাজার অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরপুরের দুয়ারিপাড়া এলাকায় অভিযান চালিয়ে প্রায় এক হাজার অবৈধ গ্যাস–সংযোগ বিচ্ছিন্ন করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুয়ারিপাড়া বাসস্ট্যান্ড এলাকার প্রায় ৫০০ ফুট অবৈধ গ্যাসলাইন উচ্ছেদ করা হয়।

সোমবার ঢাকা জেলা প্রশাসন ও তিতাস গ্যাস ট্রান্সমিশন লিমিটেড দিনব্যাপী এই যৌথ অভিযান পরিচালনা করেছে। অভিযান পরিচালনা করেছেন ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদ এলাহী।

তৌহিদ এলাহী প্রথম আলোকে জানান, সকাল ১০টা থেকে এ অভিযান শুরু হয়। অভিযানে ওই এলাকার চারটি স্থানে বাসাবাড়ি, দোকানপাট ও কারখানার প্রায় এক হাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় গ্যাস সঞ্চালনের অবৈধ পাইপ ও মালামাল জব্দ করা হয়। তিনি বলেন, অবৈধ গ্যাসলাইন ব্যবহারকারীদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলার নির্দেশ দেওয়া হয়েছে। এভাবে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে অভিযান চালানো হবে।

উচ্ছেদ অভিযানে তিতাস গ্যাস ঢাকা মেট্রো–৬ শাখার ব্যবস্থাপক রেজাউল হক, মনিরুজ্জামান, উপব্যবস্থাপক মিজানুর রহমান, মোখলেছুর রহমান মির্জা শাহনেওয়াজ লতিফ, সহকারী প্রকৌশলী মানিক মিয়া, মাহমুদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।