মিরপুরে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুরের শেওড়াপাড়া এলাকায় গতকাল শনিবার সকালে সিটি কলেজের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করেছে মিরপুর থানার পুলিশ। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।
কলেজছাত্রীর বরাত দিয়ে মিরপুর থানার পুলিশ জানায়, তিনি বাড্ডায় এক খালার বাসায় থাকেন। গতকাল মিরপুরে কোচিং করতে যান। মেয়েটির অভিযোগ, সেখান থেকে সাকিব নামের এক বন্ধু তাঁকে শেওড়াপাড়ার এক বাসায় নিয়ে যায়। সেখানে আরও চারজন যুবক ছিল। সাকিব তাঁকে ওই বাসায় রেখে চলে যায়। কিছুক্ষণ পর চার যুবকের মধ্যে একজন তাঁকে ধর্ষণ করে আর বাকি তিনজন মুঠোফোনে ছবি তোলে।
ওই ছাত্রীর অভিযোগ, তাঁকে ধর্ষণ করা যুবকের নাম সাব্বির। পরে সেও বাসা থেকে বের হয়ে যায়। বিকেলে অন্যরা ওই বাসা থেকে ছাত্রীটিকে বের করে দেয়। তখন তিনি মিরপুর থানায় গিয়ে মৌখিকভাবে অভিযোগ করেন। পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে তিনজনকে আটক করে।
মিরপুর থানার ওসি সালাহউদ্দিন প্রথম আলোকে বলেন, কলেজছাত্রীর বাবা-মাকে খবর দেওয়া হয়েছে। অভিযুক্ত সাকিব ও সাব্বির পলাতক। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে।