মিরপুরে কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুরে গত শুক্রবার রাতে ক্যামব্রিয়ান কলেজের এক ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম জাহিদ হাসান নাঈম (২০)।
পল্লবী থানার পুলিশ জানায়, খবর পেয়ে শুক্রবার রাত আটটার দিকে পুলিশ মিরপুর ১১ নম্বর সেকশনের একটি বাসা থেকে জাহিদ হাসানের ঝুলন্ত লাশ উদ্ধার করে। লাশটি সিলিং ফ্যানের সঙ্গে গলায় বিছানার চাদর দিয়ে প্যাঁচানো ছিল। লাশটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
জাহিদ হাসান ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের মিরপুর শাখার দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির প্রথম আলোকে বলেন, সাততলা ভবনের তৃতীয় তলার একটি কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। ওই ভবনের প্রথম ও দ্বিতীয় তলায় ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষা কার্যক্রম চলত। বর্তমানে তা বন্ধ। তবে তৃতীয় থেকে সপ্তম তলা পর্যন্ত আবাসিক হিসেবে ব্যবহৃত হয়। তৃতীয় তলার চারটি কক্ষ মাসে ১৫ হাজার টাকা করে ভাড়া নিয়েছেন জাহিদসহ ছয়জন ছাত্র। একটি কক্ষ নিয়ে একাই থাকতেন জাহিদ।
ওসি বলেন, গত বৃহস্পতিবার রাতে জাহিদসহ অন্য ছাত্ররা যে যাঁর কক্ষে ঘুমিয়ে পড়েন। পরদিন অন্য ছাত্ররা যে যাঁর কাজে চলে গেলেও জাহিদের কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। বিকেলে সবাই ফিরলে দরজা না খোলায় তাঁরা তাঁকে ডাকাডাকি করতে থাকেন। কিন্তু কোনো সাড়া না মেলায় ছাত্ররা ধাক্কা দিয়ে দরজা ভেঙে দেখেন, জাহিদ ঝুলছেন। পরে পুলিশে খবর দেওয়া হয়।
ওসি বলেন, জাহিদের মুঠোফোন খতিয়ে বেশ কিছু খুদে বার্তা পাওয়া গেছে। ওই খুদে বার্তাগুলোর সূত্র ধরে জানা যায়, একটি মেয়ের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। ধারণা করা হচ্ছে, সম্পর্কের টানাপোড়েনের জেরে জাহিদ আত্মহত্যা করেছেন। জাহিদের গ্রামের বাড়ি নওগাঁ সদরে।
শুক্রবার রাত ১২টার দিকে রমনা থানার মগবাজারের ডাক্তার গলির একটি বাসা থেকে ফ্যানের সঙ্গে গলায় রশি প্যাঁচানো অবস্থায় শাহরিয়ার মাহমুদ (৪৫) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
রমনা থানার উপপরিদর্শক (এসআই) শামসুদ্দিন প্রথম আলোকে বলেন, শাহরিয়ার মুঠোফোন মেরামতের (মোবাইল সার্ভিসিং) কাজ করতেন। তবে তাঁর কোনো নির্দিষ্ট দোকান ছিল না। মানসিক হতাশা থেকে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।