মিরপুরে গুলি করে ব্যবসায়ীর পাঁচ লাখ টাকা ছিনতাই
রাজধানীর মিরপুরে মঈন উদ্দিন নামের এক ব্যবসায়ীকে গুলি করে পাঁচ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গত বুধবার রাতে মিরপুর ১ নম্বর সেকশনের এফ ব্লকে এ ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় মঈনকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শাহীন মণ্ডল গতকাল বৃহস্পতিবার বলেন, মঈন উদ্দিন একটি গুঁড়া দুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানের পরিবেশক। মিরপুর ১ নম্বর সেকশনের এফ ব্লকে তাঁর কার্যালয় রয়েছে। বুধবার রাত সাড়ে ১১টার দিকে ওই কার্যালয় থেকে হেঁটে পাশের সি ব্লকের বাসায় ফিরছিলেন তিনি। এ সময় একটি প্রাইভেট কার থেকে নেমে কয়েক যুবক মঈনকে লক্ষ্য করে গুলি ছোড়ে। দুটি গুলি তাঁর পেটে ও পায়ে লাগে। তিনি মাটিতে পড়ে গেলে সঙ্গে থাকা টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায় ওই যুবকেরা। হাসপাতালে নেওয়ার পর অস্ত্রোপচার করে মঈনের শরীর থেকে দুটি গুলি বের করা হয়। তিনি এখন আশঙ্কামুক্ত।
ওসি শাহীন মণ্ডল বলেন, এ ঘটনায় গতকাল সন্ধ্যা পর্যন্ত মঈনের পরিবারের পক্ষ থেকে কেউ মামলা করেননি। তবে ছিনতাই হওয়া টাকা উদ্ধার ও ঘটনার সঙ্গে জড়িত যুবকদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।