মিরপুরে গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু
রাজধানীর মিরপুর ১৩ নম্বরে ন্যাম গার্ডেন অফিসার্স কোয়ার্টারের সামনে জানিয়া (১৫) নামের এক গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকালে পুলিশ ওই কোয়ার্টারের সামনে থেকে তার লাশ উদ্ধার করেছে।
কাফরুল থানা-পুলিশ জানায়, জানিয়ার মা ফুলবানু ওই কোয়ার্টারে আহসান হাবিব নামের এক সরকারির কর্মকর্তা বাসায় কাজ করেন। চার-পাঁচ দিন ধরে ফুলবানু অসুস্থ থাকায় গতকাল ওই বাসায় তাঁর মেয়ে জানিয়া কাজ করতে যায়। সকাল সাড়ে ১০টার দিকে কোয়ার্টারের সামনে স্থানীয় লোকজন উপুড় অবস্থায় এক কিশোরীকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে কাফরুল থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পরে ফুলবানু তাঁর মেয়ের লাশ শনাক্ত করেন।
জানিয়ার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ইটনায়। বাবার নাম ওসমান গণি। সে তার মায়ের সঙ্গে ৪৭৬/বি উত্তর ইব্রাহিমপুরে মায়ের সঙ্গে থাকত। ঘটনা তদন্তকারী কাফরুল থানার এসআই কামরুজ্জামান বলেন, যে ভবনের সামনে থেকে লাশ উদ্ধার করা হয়েছে সেই ভবনটি ১০ তলা। ধারণা করা হচ্ছে, ছাদ থেকে পড়ে কিশোরীর মৃত্যু হয়েছে। তবে কেউ তাকে ধাক্কা দিয়ে ছাদ থেকে ফেলে দিয়েছে না সে নিজেই লাফ দিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।