মিরপুরে গৃহবধূর বস্তাবন্দী লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুরে মিতু আক্তার (২৫) নামে এক গৃহবধূর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মিতুর বোন ঝুমুর আক্তারের অভিযোগ, যৌতুক না পেয়ে স্বামী সবুজ মিয়া তাঁকে (মিতু) হত্যা করেছেন।

আজ শুক্রবার ভোর চারটার দিকে মিরপুরের ১১ নম্বর সেকশনে বস্তির পাশে মিতুর লাশ পাওয়া যায়। মিতু সেখানকার সি ব্লকের ১০৬ নম্বর বাড়ির টিনশেডে ভাড়া থাকতেন। তাঁর স্বামী সবুজ মিয়া দর্জির কাজ করেন। মিতুর ছয় বছরের একটি ছেলে আছে। তার নাম মো. আলী।

বোন ঝুমুর আক্তারের ভাষ্য, বিদেশ যাওয়ার জন্য সবুজ মিয়া মিতুর কাছে টাকা চাইতেন। মিতুর পরিবারের লোকজন মাঝে মাঝে সবুজকে টাকা দিতেন। সবশেষ তিন লাখ টাকা দাবি করেন সবুজ।

এ ঘটনায় মামলা করা হয়েছে জানিয়ে পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহীন প্রথম আলোকে বলেন, আনুমানিক রাত দুইটার দিকে এই হত্যার ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকে মিতুর স্বামী সবুজকে খুঁজে পাওয়া যাচ্ছে না। নিহত মিতুর লাশ ময়নাতদন্তের জন্য আজ দুপুরে ঢাকা মেডিকেল কলেজ মর্গে নেওয়া হয়েছে।