মিরপুরে চাঁদাবাজি নিয়ে সংঘর্ষ, পাঁচজন আহত
রাজধানীর মিরপুরে ১ নম্বরের শাহ আলী (রহ.) মার্কেটের সামনের ফুটপাতে গতকাল মঙ্গলবার সকালে স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয় ব্যবসায়ীরা বলেছেন, ফুটপাতের কাঁচামালের দোকানের চাঁদাবাজির নিয়ন্ত্রণ নিয়ে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও যুবলীগের এক নেতার সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ হয়।
এ বিষয়ে জানতে চাইলে গতকাল রাতে যুবলীগের নেতা শেখ মামুন প্রথম আলোকে বলেন, স্থানীয় কয়েকজন সন্ত্রাসী প্রতিদিন ফুটপাতের কাঁচামাল ব্যবসায়ীদের কাছ চাঁদাবাজি করে আসছিল। গত সোমবার তিনি কাঁচামাল ব্যবসায়ীদের চাঁদা না দিতে বলে দিয়েছিলেন। চাঁদা না দেওয়ায় ওই সন্ত্রাসীরা কাঁচামাল ব্যবসায়ীদের আহত করে। যোগাযোগ করলে ওয়ার্ড কাউন্সিলর কাজী টিপু সুলতানের মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, বেলা ১১টার দিকে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের সমর্থকেরা তাঁদের প্রতিপক্ষের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালান। এ নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে ফেলু দেওয়ান, আবদুল হান্নান, আনোয়ার হোসেনসহ উভয় পক্ষের পাঁচজন আহত হন।
শাহ আলী থানার ওসি আনোয়ার হোসেন বলেন, সংঘর্ষে অংশ নেওয়া ব্যক্তিরা একই গ্রুপের সদস্য। পরে তাঁরা বিষয়টি মীমাংসা করে ফেলেন। এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।