মিরপুরে ছিনতাইয়ে গ্রেপ্তার গোপালগঞ্জের ছাত্রলীগ নেতাকে অব্যাহতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংগঠনবিরোধী কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের পদ থেকে তুহিন খানকে অব্যাহতি দেওয়া হয়েছে।

গতকাল সোমবার গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আবদুল হামিদ ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই অব্যাহতির বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংগঠনবিরোধী অনৈতিক কার্যকলাপের সঙ্গে জড়িত থাকায় তুহিন খানকে কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, তুহিন খানের বিরুদ্ধে গতকাল সোমবার সকালে ঢাকার পল্লবী থানা এলাকা থেকে ছিনতাইয়ের অভিযোগ ওঠে। এ কারণে কেন্দ্রীয় ছাত্রলীগের সঙ্গে পরামর্শ করে তাঁকে (তুহিন খান) অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি বলেন, দলের ভাবমূর্তি রক্ষা করার জন্যই প্রশাসনিক তদন্তের ভিত্তিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়।

২০১৪ সাল থেকে তুহিন খান জেলা ছাত্রলীগের অনুমোদন নিয়ে কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন।

গতকাল সকালে ঢাকার পল্লবী থানা এলাকা থেকে একটি ল্যাপটপ ছিনতাইয়ের অভিযোগে তুহিন খানসহ চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।