মিরপুরে ছুরিকাঘাতে নারীকে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মিরপুরে সানজিদা আক্তার (২৫) নামের এক নারীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাত একটার দিকে এ ঘটনা ঘটে।
আজ মঙ্গলবার সকাল ছয়টার দিকে সানজিদাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, সানজিদার পেট ও বুকে ছয়টি ছুরিকাঘাতের জখম রয়েছে।
সানজিদাকে হাসপাতালে নিয়ে যান প্রতিবেশী নূরজাহান বেগম। তাঁর ভাষ্য, দুই মাস আগে সানজিদা ও তাঁর স্বামী টিনশেডের বাসাটি ভাড়া নেন। গতকাল রাতে চিৎকার শুনে তিনি ছুটে যান। সেখানে সানজিদাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তিনি বলেন, সানজিদার স্বামীর মিরপুরে ফলের দোকান রয়েছে। ঘটনার পর থেকে তাঁকে পাওয়া যাচ্ছে না।
হাসপাতালের পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত (ইনচার্জ) কর্মকর্তা বাচ্চু মিয়া তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।