মিরপুরে ঝুট ব্যবসায়ী হত্যা, স্ত্রী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুরে গিয়াসউদ্দিন (২৬) নামের এক ঝুট ব্যবসায়ী খুন হয়েছেন। এ ঘটনায় তাঁর স্ত্রীকে আটক করেছে পুলিশ।
মিরপুর ১০ নম্বর সেকশনের সি-ব্লকের ১৫ নম্বর লেনে পাঁচতলার ভাড়া বাসায় গত রোববার রাতে ওই ব্যবসায়ী খুন হন। পুলিশ জানিয়েছে, তাঁকে মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে।
গিয়াসের পরিবারের সদস্যরা এ হত্যাকাণ্ডের জন্য তাঁর স্ত্রী লাভলী ইয়াসমিনকে দায়ী করছেন। গিয়াসের বড় ভাই হাজি মাসুদুর রাহমান অভিযোগ করেন, অনৈতিক সম্পর্কের কারণে লাভলী লোক দিয়ে তাঁর ভাইকে খুন করিয়েছেন। এ অভিযোগ অস্বীকার করে লাভলীর বাবা লিয়াকত মোল্লা প্রথম আলোকে বলেন, ‘ডাকাতদের হাতে গিয়াস নিহত হয়েছে। লাভলী কোনো অনৈতিক কাজে কখনো জড়ায়নি। কী কারণে এই হত্যা পুলিশ তদন্ত করে বের করুক।’
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রোববার রাতে গিয়াসউদ্দিন বাসায় ঢোকার ২০ মিনিট পর খুন হন। ওই বাড়ির নিচতলার মুদি দোকানদার আয়নাল আবেদীন বলেন, রোববার রাত সোয়া ১০টার দিকে তাঁর দোকানে এসেছিলেন গিয়াস। তাঁর কাছ থেকে একটি প্লাস্টিকের বয়াম নেন। এ সময় গিয়াসের মুঠোফোন বেজে ওঠে। ‘বাসায় মেহমান’ জানিয়ে চলে যান গিয়াস। এর ২০ মিনিট পর পাঁচতলায় গিয়াসের বাসা থেকে চিৎকার শোনা যায়। চিৎকার শুনে দোকান থেকে বাইরে তাকিয়ে বোরকা ও কেডস পরা একজনকে বাড়ির ফটক থেকে বের হতে দেখেন। পাশের ১৪ নম্বর লেনের রাস্তা দিয়ে বোরকা পরা লোকটি চলে যায়।
গিয়াসের লাশের সুরতহাল প্রতিবেদনে পুলিশ উল্লেখ করেছে, নিহত ব্যক্তির মাথার পেছন দিকে দুটি ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এর মধ্যে একটি গভীর গর্ত ছিল। এ ছাড়া তাঁর পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে খামচির দাগ ও ডান হাতের কবজিতে একটি কামড়ের চিহ্ন পাওয়া গেছে।
পুলিশ সূত্র জানায়, গিয়াসের হাতে কামড়ের চিহ্নে পাওয়া লালা নিয়ে সেখান থেকে ডিএনএ নমুনা সংগ্রহের জন্য পাঠানো হয়েছে। সেই নমুনার সঙ্গে লাভলীর ডিএনএ নমুনা মেলানো হবে। পুলিশের সন্দেহ, লাভলীই কামড় দিয়েছেন।
পুলিশের মিরপুর বিভাগের সহকারী কমিশনার শাখাওয়াত হোসেন জানান, গিয়াসের স্ত্রীকে আটক করা হয়েছে। তাঁর কাছ থেকে পাওয়া তথ্য মিলিয়ে দেখা হচ্ছে। হত্যার পেছনে পরকীয়া না অন্য কোনো কারণ আছে, সেসব তদন্ত করা হচ্ছে।
পুলিশ সূত্র জানিয়েছে, নিহত গিয়াসের পরিবার লাভলীকে আসামি করে মামলার প্রস্তুতি নিচ্ছে। মামলা হলে তাঁকে গ্রেপ্তার করা হবে। গতকাল সোমবার ঢাকা মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত শেষে মাগরিবের নামাজের পর গিয়াসের লাশ দাফন করা হয়।
স্থানীয় লোকজন, গিয়াসের ব্যবসায়িক অংশীদার ও তাঁর আত্মীয়স্বজন জানান, ১২ বছর আগে লাভলীর সঙ্গে গিয়াসের বিয়ে হয়। ইশিকা আক্তার (৮) ও নেহাল (৪) নামে তাঁদের দুই ছেলেমেয়ে রয়েছে। তবে চার বছর আগে এক ব্যক্তির সঙ্গে লাভলীর সম্পর্কের ঘটনায় দুই পরিবারে টানাপোড়েন তৈরি হয়। ওই ঘটনা নিয়ে এলাকায় সালিসের পর আবারও সংসার শুরু করেন লাভলী।
গিয়াসের ভাগনে জয়নাল আবেদীন বলেন, ওই সময় বিষয়টির মীমাংসা হলেও ওই ব্যক্তির সঙ্গে লাভলীর সম্পর্ক ছিল। প্রায়ই তিনি বাসা থেকে কাউকে না জানিয়ে বাইরে যেতেন।
এর আগে বুধবার কল্যাণপুরের এক বাসার ওয়ার্ডরোব থেকে মুরগি ব্যবসায়ী সালাউদ্দিন মাল (৩৮) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। ওই হত্যার অভিযোগে তাঁর স্ত্রী লাবনীকে গ্রেপ্তার করা হয়। বুধবার রাতেই চট্টগ্রামের রাউজানে বসতঘরের পাশের মাটি খুঁড়ে দুদু মিয়া (৩৮) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। দুদু মিয়াকে হত্যার অভিযোগেও তাঁর স্ত্রী শাহনাজ বেগমকে গ্রেপ্তার করে পুলিশ।