মিরপুরে টিকিট-প্রত্যাশীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, বিক্রি বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টিকিট নিয়ে সংঘর্ষ
টিকিট নিয়ে সংঘর্ষ

রাজধানীর মিরপুরে আজ শনিবার এশিয়া কাপে বাংলাদেশ ও ভারতের ফাইনাল খেলার টিকিট-প্রত্যাশীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। টিকিট-প্রত্যাশীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কয়েকটি কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। এ ঘটনার পর টিকিট বিক্রি বন্ধ রয়েছে। মিরপুর ১০ নম্বর সেকশনের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবিএল) সামনে এ ঘটনা ঘটে।

রাজধানীর মিরপুরে আজ এশিয়া কাপ ক্রিকেটের ফাইনাল খেলার টিকিট-প্রত্যাশীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। ছবি: আশরাফুল আলম
রাজধানীর মিরপুরে আজ এশিয়া কাপ ক্রিকেটের ফাইনাল খেলার টিকিট-প্রত্যাশীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। ছবি: আশরাফুল আলম

নাম প্রকাশ না করার শর্তে ওই ব্যাংকের একজন কর্মকর্তা বলেন, এশিয়া কাপে বাংলাদেশ-ভারতের মধ্যে অনুষ্ঠেয় ফাইনাল খেলার টিকিট-প্রত্যাশীরা গতকাল শুক্রবার থেকে ব্যাংকের সামনে দাঁড়ায়। আজ সকাল ১০টা থেকে ওই ব্যাংকেই টিকিট বিক্রি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু কয়েক হাজার টিকিট-প্রত্যাশীর বিপরীতে টিকিট খুব সামান্য থাকায় চারদিকে ক্ষোভ ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তারা ব্যাংকে ইট-পাটকেল ছুড়ে মারে। এতে পুলিশ বাধা দিলে উত্তেজিত টিকিট-প্রত্যাশীরা পুলিশকে লক্ষ্য করেও ঢিল ছুড়তে থাকে। এ সময় তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের কয়েকটি শেল ছোড়ে। এতে টিকিট-প্রত্যাশীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।