মিরপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে একজন খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুর ১২ নম্বর সেকশনে ই ব্লকের দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আজ বুধবার সাইফুল ইসলাম (২২) নামের এক যুবক খুন হয়েছেন। 

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্র জানায়, পল্লবীর একটি কারখানার এমব্রয়ডারি ডিজাইনার সাইফুল ইসলাম সপরিবারে মিরপুর ১১ নম্বর সেকশনের মিল্লাত নামের একটি বিহারি ক্যাম্পে থাকতেন। তার বাবা শামসুদ্দিন আহমেদ মিরপুর ১২ নম্বর সেকশনের ই ব্লকে আলু ও পেঁয়াজ বিক্রি করেন। গতকাল সন্ধ্যায় সাইফুল তার বাবার কাঁচামাল দোকানে যান। একপর্যায়ে দুই যুবক এসে সাইফুলকে ডেকে দোকানের সামনে ডেকে আনেন। একপর্যায়ে তাদের সঙ্গে দুর্বৃত্তদের কথাকাটাকাটি হয়। কোনো কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা সাইফুলকে বুকে ও পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যান। সাইফুলের বাবা রক্তাক্ত অবস্থায় তাকে রাত সোয়া ১০ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎ​সক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় সাইফুলের বাবা কান্নায় ভেঙে পড়েন।
সাইফুলের বাবা প্রথম আলোকে বলেন, অপরিচিত দুই যুবক এসে সাইফুলের সঙ্গে ঝগড়া বাঁধিয়ে দেয়। এ সময় তিনি দোকান থেকে নেমে তাদের নিবৃত্ত করার চেষ্টা করে আবার দোকানে এসে বসেন। এরই মধ্যে তারা সাইফুলকে ছুরিকাঘাত করলে তিরি তাদের ধরার জন্য পিছু নেন। কিন্তু তারা পালিয়ে যায়। কিন্তু কেন সাইফুলকে খুন করেছে তা বুঝে উঠতে পারছেন না।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির গতকাল রাতে প্রথম আলোকে বলেন, নিহত যুবক নিরীহ ছিলেন। হত্যাকারীদের ব্যাপারে কিছু তথ্য পাওয়া গেছে। তাদের গ্রেপ্তার করা গেলে হত্যার কারণ বেরিয়ে আসবে।
সাইফুলের গ্রামের বাড়ি ময়মনসিংহের নান্দাইলের ১৮ বাড়ি।