মিরপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ডিজাইনার খুন
মিরপুর ১২ নম্বর সেকশনের ই ব্লকে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সাইফুল ইসলাম (২২) নামের এক যুবক খুন হয়েছেন। তিনি এমব্রয়ডারি ডিজাইনার ছিলেন।
পুলিশ ও নিহত সাইফুলের পারিবারিক সূত্র জানায়, পল্লবীর একটি কারখানার এমব্রয়ডারি ডিজাইনার সাইফুল ইসলাম সপরিবারে মিরপুর ১১ নম্বর সেকশনের মিল্লাত নামের একটি বিহারি ক্যাম্পে থাকতেন। তাঁর বাবা শামসুদ্দিন আহমেদ মিরপুর ১২ নম্বর সেকশনের ই ব্লকে আলু ও পেঁয়াজ বিক্রি করেন। গতকাল সন্ধ্যায় সাইফুল তাঁর বাবার কাঁচামালের দোকানে যান। একপর্যায়ে দুই যুবক সেখানে এলে তাঁর সঙ্গে কথা-কাটাকাটি হয়। কোনো কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা সাইফুলকে বুকে ও পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যান। সাইফুলের বাবা রক্তাক্ত অবস্থায় রাত সোয়া ১০টায় ছেলেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ সময় সাইফুলের বাবা কান্নায় ভেঙে পড়েন।
সাইফুলের বাবা প্রথম আলোকে বলেন, অপরিচিত দুই যুবক এসে সাইফুলের সঙ্গে ঝগড়া বাধিয়ে দেন। এ সময় তিনি দোকান থেকে নেমে তাঁদের নিবৃত্ত করার চেষ্টা করে আবার দোকানে এসে বসেন। এরই মধ্যে তাঁরা সাইফুলকে ছুরিকাঘাত করলে তিনি তাঁদের ধরার জন্য পিছু নেন। কিন্তু তাঁরা পালিয়ে যান। কেন সাইফুলকে খুন করা হয়েছে তা তিনি বুঝে উঠতে পারছেন না।