মিরপুরে নিখোঁজ শিশু নারায়ণগঞ্জ থেকে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরপুর থেকে নিখোঁজ হওয়ার ১০ দিন পর আট মাসের শিশু মরিয়মকে নারায়ণগঞ্জ থেকে উদ্ধার করেছে র্যা ব। গত মঙ্গলবার নগরের দেওভোগ পানির ট্যাংক এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার তিনজন হলেন মিনারা ওরফে তানিয়া (৪০), মাসুম (৩০) ও মাসুমের স্ত্রী মৌসুমী (২১)।
র্যা ব জানায়, এর আগে একই নারীর আরও তিন সন্তান নিখোঁজ হয়। এখন পর্যন্ত তাদের খোঁজ মেলেনি।
শিশুটি উদ্ধারের পর র্যা ব-১১-এর ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল কামরুল হাসান আদমজীনগরে ব্যাটালিয়ন সদর দপ্তরে প্রেস ব্রিফিং করেন। তিনি বলেন, গত ২০ ফেব্রুয়ারি রাজধানী ঢাকার শাহ আলী থানার বাসিন্দা সেতু বেগম অভিযোগ করেন, তাঁর ৮ মাস বয়সী মেয়ে সকাল ৬ ঘটিকা থেকে নিখোঁজ। এই ঘটনায় তিনি থানায় একটি জিডি করেন (নম্বর ৮০০)। র্যা ব শিশু নিখোঁজের অভিযোগের বিষয়টি জানতে পারে এবং অপরাধীরা নারায়ণগঞ্জে অবস্থান করছে বলে নিশ্চিত হয়। এরপর গত ২৮ ফেব্রুয়ারি রাত সাড়ে ১১টার দিকে সিনিয়র এএসপি মো. আলেপ উদ্দিনের নেতৃত্বে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ফরাজীকান্দা এবং ফতুল্লা থানা এলাকায় অভিযান চালিয়ে ৮ মাসের শিশু মরিয়মকে উদ্ধার করা হয়। সেখান থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার করা তিনজন র্যা বের কাছে জানায়, শিশু মরিয়মের মা-বাবা ঢাকার মিরপুরে যে বাসায় থাকে, তার পাশেই ভাড়া বাড়িতে থাকতেন এ চক্রের পলাতক সদস্য আল আমিন (২৮) ও সালমা (২২) দম্পতি। তাঁরা গত ১৯ ফেব্রুয়ারি মরিয়মকে নিয়ে মিনারা ওরফে তানিয়াকে দেয়। তানিয়া শিশুটিকে ১৫ হাজার টাকায় মাসুম (৩০) ও তাঁর স্ত্রী মৌসুমির কাছে বিক্রি করেন। মরিয়মকে এই দম্পতির বাসা থেকে উদ্ধার করা হয়।
শিশু মরিয়মের মা সেতু বেগম সাংবাদিকদের জানান, এর আগে তাঁর তিনটি সন্তান নিখোঁজ হয়েছে। তাঁর স্বামী বিল্লাল হোসেন একজন মাদকাসক্ত। তাঁর অপহৃত সন্তানদের মধ্যে প্রথমজন প্রায় ৫ বছর বয়সে নিখোঁজ হয়। মাদকাসক্ত বাবার সঙ্গে টঙ্গী রেলস্টেশন এলাকায় বেড়াতে গিয়ে সে আর ফেরেনি। দ্বিতীয়বার তাঁর ঘরে জন্ম নেয় সৌরভ নামে একটি ছেলে সন্তান। মাত্র ৫ মাস বয়সে শিশু সৌরভকে তাঁর স্বামীর সহযোগিতায় রোকন নামের পাশের বাসার ভাড়াটিয়া চুরি করে নিয়ে যান। এরপর তাঁর ঘরে জন্ম নেয় শারমিন নামে একটি কন্যাসন্তান। শারমিনের ১১ মাস বয়সের সময় শাশুড়ির সঙ্গে পারিবারিক কলহের কারণে সুলতানা নামের এক নারী শিশু শারমিনকে অপহরণ করে নিয়ে যান এবং খুন করে শাহবাগ থানা এলাকায় একটি ডাস্টবিনে ফেলে রাখেন। চতুর্থ সন্তান মরিয়ম জন্ম নেওয়ার পর স্বামীর সঙ্গে তাঁর ডিভোর্স হয়।
র্যা বের অধিনায়ক কামরুল হাসান আরও বলেন, শিশু মরিয়মকে তার মায়ের কোলে ফেরত দেওয়ার পর যে দৃশ্যের অবতারণা হয়, তা ভাষায় অবর্ণনীয়।