মিরপুরে পানির অবৈধ সংযোগ

মিরপুর ১০ নম্বর সেকশনের ‘বি’ ব্লকে ঝুটপট্টি এলাকায় অর্থের বিনিময়ে পানির অবৈধ সংযোগ দেওয়া হচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, ঢাকা ওয়াসার নির্ধারিত পাইপের পরিবর্তে সেখানে মাটি খুঁড়ে নিম্নমানের পাইপ বসানো হচ্ছে। এক সপ্তাহে সেখানে ১৮০টির মতো সংযোগ দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগের ভিত্তিতে গত শনিবার এলাকা ঘুরে জানা যায়, সংযোগ দেওয়া হচ্ছে ‘বিহারি ক্যাম্প’ নামে পরিচিত অবাঙালিদের বসবাসের এলাকায়। প্রায় এক সপ্তাহ আগে অবৈধ সংযোগ দেওয়ার কাজ শুরু হয়। একেকজনের কাছ থেকে আট থেকে দশ হাজার টাকা করে নেওয়া হচ্ছে বলেও জানা যায়।
বিভিন্ন বাসার দেয়াল ঘেঁষে অথবা আঙিনার ভেতরে এক থেকে দেড় ফুট চওড়া গর্ত খুঁড়ে ভেতরে পাইপ বসিয়ে আবার গর্ত ভরিয়ে দেওয়া হয়েছে। কিছু গর্ত দেখা যায়, যেগুলোয় ১৫ থেকে ২০টি সবুজ রঙের লতা পাইপ নামে পরিচিত একধরনের সরু পাইপ বেঁধে বসিয়ে দেওয়া হয়েছে। এই পাইপগুলো অত্যন্ত নিম্নমানের। সাপের মতো এঁকেবেঁকে বিভিন্ন ঘরে চলে গেছে পাইপগুলো।
এলাকায় রব্বানী হোটেলের কাছে পাওয়া যায় কয়েকজন বাসিন্দাকে। তাঁরা পানির এ ধরনের অবৈধ সংযোগ চান না বলে জানান। তাঁদের মধ্যে শহিদুল্লাহ নামের এক ব্যক্তি বলেন, ঝুটপল্লি এলাকায় যেসব বাসায় সংযোগ দেওয়া হচ্ছে তারা অবাঙালি। এসব বাসায় আগেও অবৈধ সংযোগ ছিল। বিভিন্ন সময়ে সেসব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। শহিদুল্লাহ ছাড়াও উপস্থিত আরও তিন ব্যক্তি বলেন, এবারও অবৈধ সংযোগ দেওয়া হচ্ছে নিম্নমানের পাইপ দিয়ে। এসব পাইপ সহজেই ফুটো হয়ে যায় এবং সে পথে ময়লা ঢুকে ওয়াসার সরবরাহ করা পানিকে দূষিত করে তোলে।
এলাকার বাসিন্দারা আরও অভিযোগ করেন, স্থানীয় ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের মৌখিক অনুমোদনে পানির অবৈধ সংযোগগুলো দেওয়া হচ্ছে। তাঁর প্রতিনিধি হিসেবে কাজ করছেন অবাঙালি সংগঠনের কয়েকজন নেতা এবং মাঠপর্যায়ে আরও কয়েকজন। তাঁরাই বাড়িঘর থেকে চাঁদা তুলছেন। ওই বাসিন্দারা অভিযোগ করে বলেন, তাঁরা শুনেছেন, কাউন্সিলরই আপাতত এভাবেই পানির লাইন দেওয়ার কথা বলেছেন। পরে ওয়াসাকে বলে তিনি লাইন বৈধ করার ব্যবস্থা করবেন।
তবে কাউন্সিলর কাজী জহিরুল ইসলাম বিষয়টি সরাসরি অস্বীকার করেন। গতকাল রোববার সন্ধ্যায় যোগাযোগ করা হলে কাউন্সিলর বলেন, ‘বিহারি ক্যাম্পে আগেও অবৈধ লাইন ছিল। সেগুলো বিচ্ছিন্ন করা হয়েছে। কিন্তু পানি ছাড়া তো মানুষ বাঁচতে পারে না। তাই আমি ঢাকা ওয়াসাকে অনুরোধ করেছি ৫০ শতাংশ ছাড় দিয়ে তাদের পানির সংযোগ দিতে।’ তিনি অবৈধ সংযোগ দেওয়ার কাজে জড়িত নন বলে দাবি করেন।
ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান বলেন, যেখানেই অবৈধ সংযোগ দেওয়া হোক, সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।