মিরপুরে পাশাপাশি ভবন থেকে দুজনের ঝুলন্ত লাশ উদ্ধার
মিরপুর ১০ নম্বর ওয়াপদা কলোনিতে পৃথক ঘটনায় মোসাম্মৎ শাকিলা (১৭) ও করিম (২২) নামের দুজনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার কলোনির ৪ ও ৫ নম্বর ভবনের নিচতলা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ঘটনা দুটিকে আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ।
ওই এলাকার কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, শাকিলার বাবার নাম চাঁন মিয়া। সে ৪ নম্বর ভবনের নিচতলায় মা-বাবার সঙ্গে থাকত। আর পাশের ৫ নম্বর ভবনের নিচতলায় থাকতেন করিম।
তবে একটি ঘটনার সঙ্গে অন্যটির কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির। তিনি প্রথম আলোকে বলেন, দুজনই ফ্যানের সঙ্গে রশি বেঁধে আত্মহত্যা করেছেন। করিম বিবাহিত। ঘটনার সময় ফ্ল্যাট দুটিতে দুজনের পরিবারের কেউ ছিলেন না। তবে ঘটনা দুটি খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য দুটি লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।