মিরপুরে পিকআপ ভ্যানের চাপায় শিক্ষক নিহত
রাজধানীর মিরপুরের টেকনিক্যাল মোড়ে গতকাল বৃহস্পতিবার সকালে পিকআপ ভ্যানের চাপায় আতিকুর রহমান ওরফে দুলাল (৩৫) নামের এক শিক্ষক নিহত হয়েছেন। তিনি কল্যাণপুরের বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক ছিলেন।
মিরপুর থানার পুলিশ বলেছে, গতকাল সকাল সাড়ে নয়টার দিকে মিরপুর টেকনিক্যাল মোড়ে আতিকুর রহমান একটি বাসে ওঠার চেষ্টা করছিলেন। এ সময় বেপরোয়া গতির একটি পিকআপ ভ্যান পেছন থেকে আতিকুরকে চাপা দেয়। আহত আতিকুরকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় বেলা সোয়া ১১টার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বিকেলে মিরপুর থানায় যোগাযোগ করা হলে কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) ফরিদা পারভীন প্রথম আলোকে বলেন, পিকআপের চালক নাজিমউদ্দিন ও পিকআপটি আটক করা হয়েছে।
আতিকুর রহমান মিরপুরের টোলারবাগে থাকতেন। তিনি এক সন্তানের জনক। তাঁর গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার ঘোড়াশাল গ্রামে।