মিরপুরে পুলিশের সঙ্গে হকারদের সংঘর্ষ
রাজধানীর মিরপুর এলাকায় পুলিশের সঙ্গে হকারদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ বুধবার দুপুরের দিকে মিরপুর-১ নম্বর সেকশনে ফুটপাতে হকারদের বসার ঘটনাকে কেন্দ্র করে এ সংঘর্ষ শুরু হয়। এই সংঘর্ষ চলে বিকেল পর্যন্ত।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মিরপুর ১ নম্বর সেকশনের মুক্তিযোদ্ধা মার্কেট, কো-অপারেটিভ ও মুক্তবাংলা শপিং সেন্টারের সামনের ফুটপাতে হকারদের সঙ্গে পুলিশের এই সংঘর্ষ বাঁধে। বিপণি বিতানগুলোর সামনে হকার বসার কারণে দুপুর থেকে রাত পর্যন্ত প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়। রমজান মাসে এই যানজটের মাত্রা আরও বেড়ে গেছে। এ কারণে ওই এলাকায় ট্রাফিক পুলিশ রাস্তায় হকার উচ্ছেদ অভিযান শুরু করে। উচ্ছেদ অভিযানের একপর্যায়ে হকারেরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। পুলিশও পাল্টা জবাব দিয়ে সংঘর্ষ ছড়িয়ে যায়। এ সময় আশপাশের দোকানপাট ও সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
দারুস সালাম অঞ্চলের সহকারী কমিশনার (এসি) সৈয়দ মামুন মোস্তফা বলেন, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে।