মিরপুরে পুলিশের সঙ্গে হকারদের সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুর ১ নম্বরে ফুটপাত দখলমুক্ত করতে অভিযানকালে গতকাল বুধবার বিকেলে পুলিশের সঙ্গে হকারদের সংঘর্ষ হয়েছে। থেমে থেমে তিন ঘণ্টা ধরে চলা সংঘর্ষে উভয় পক্ষের কয়েকজন আহত হন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র বলেছে, বেলা তিনটার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক পশ্চিম বিভাগের একটি দল মিরপুর ১ নম্বরে রবিউল প্লাজা থেকে শাহ আলী প্লাজার সামনের ফুটপাতে বসা কয়েক শ হকার উচ্ছেদ করতে যায়। তাদের সঙ্গে দারুস সালাম থানার পুলিশ যোগ দেয়। এ সময় হকাররা একত্র হয়ে পুলিশের ওপর ইটপাটকেল ছোড়ে। এ নিয়ে পুলিশের সঙ্গে হকারদের পাল্টাপাল্টি ধাওয়া হয়। এ সময় পুলিশ লাঠিপেটা করে। দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষ একপর্যায়ে মিরপুর ১ নম্বর গোলচত্বর থেকে শাহ আলী প্লাজার সামনের রাস্তা পর্যন্ত ছড়িয়ে পড়ে। থেমে থেমে তিন ঘণ্টা ধরে সংঘর্ষ চলে। এতে পুলিশের একজন সহকারী উপপরিদর্শক (এএসআই) ও কয়েকজন হকার আহত হন। এ সময় ঈদের কেনাকাটা করতে আসা শিশু-নারী ও পুরুষ দিগ্বিদিক ছোটাছুটি করে। তাঁরা আতঙ্কিত হয়ে বিপণিবিতানের ভেতর নিরাপদ আশ্রয় নেন। মিরপুর ১ নম্বরের প্রধান সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে আশপাশের সড়কগুলোতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সন্ধ্যা ছয়টার দিকে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। অবশ্য সন্ধ্যার পর হকাররা আবার যাঁর যাঁর মতো বসে যান।
দারুস সালাম থানার ওসি মো. সেলিমুজ্জামান বলেন, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিপেটা ও কাঁদানে গ্যাসের শেল ছুড়েছে। ফুটপাতে আবার হকারদের বসে যাওয়ার বিষয়ে তিনি বলেন, হকারদের ঠেকানো কষ্টকর।
ট্রাফিকের পশ্চিম বিভাগের দায়িত্বে থাকা যুগ্ম কমিশনার (ট্রাফিক) ইমতিয়াজ আহমেদ রাতে প্রথম আলোকে বলেন, হকাররা ফুটপাতে বসেও ক্ষান্ত হয়নি। তারা রাস্তার একাংশ দখল করে ভ্যান বসিয়েছিল, যা ঈদে কেনাকাটা করতে আসা সাধারণ মানুষের চলাচলে ভোগান্তি বাড়িয়ে দেয়। একই সঙ্গে রাস্তা সংকুচিত হয়ে যানজটের সৃষ্টি হচ্ছিল। এ কারণে অভিযান চালিয়ে ফুটপাতসহ রাস্তার পাশও দখলমুক্ত করা হয়।