মিরপুরে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ
রাজধানীর মিরপুরে একটি বাসা থেকে স্বামী ও স্ত্রীর গলায় ফাঁস লাগানো ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে তাঁদের লাশ উদ্ধার করা হয়।
নিহত স্বামীর নাম মো. ফরহাদ (২৫) ও স্ত্রীর নাম রূপালি (২০)। মিরপুর-১০ নম্বর সেকশনের বি ব্লকের ৫ নম্বর লেনের ১ নম্বর বাসায় ঘটনা ঘটে।
বাসার নিচতলায় ফরহাদ ও রূপালি ভাড়া থাকতেন।
প্রথম আলোকে দেওয়া ফরহাদের প্রতিবেশী মাহবুবুল হকের তথ্যমতে, মাস দেড়েক আগে ভাড়া নেন ফরহাদ। একই বাসার সামনে ফরহাদের সফট টাচ নামের একটি সেলুন রয়েছে। আজ বেলা ১১টার দিকে ফরহাদ ও রূপালির গলায় ফাঁস লাগানো ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। তাঁদের সঙ্গে আর কেউ থাকতেন না।
মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মানিকের ভাষ্য, ওই বাসা থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ তাঁরা উদ্ধার করেছেন। তাঁদের মারা যাওয়ার কারণ জানা যায়নি। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।