মিরপুরে বাড়ির মালিক বৃদ্ধা খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরপুর ১০ নম্বরের নিজ বাড়িতে শরিফুননেছা (৭৮) নামের এক বৃদ্ধা খুন হয়েছেন। গত বুধবার গভীর রাতে ওই বাড়ি থেকে তাঁর গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ কর্মকর্তারা বলেছেন, কারা, কেন শরিফুননেছাকে হত্যা করেছে, সে ব্যাপারে কোনো তথ্য মেলেনি। তবে হত্যায় জড়িত সন্দেহে বাড়ির তত্ত্বাবধায়ক রাকিব হোসেন, ছয়তলার ভাড়াটে মেহেদী হাসান ও তাঁর কর্মচারী তারেক হোসেনকে আটক করা হয়েছে।
পল্লবী থানার পুলিশ জানায়, শরিফুননেছা মিরপুর ১০ নম্বর সেকশনের এ ব্লকের ১ নম্বর অ্যাভিনিউয়ের ৪৪ নম্বরের ছয়তলা বাড়ির মালিক। তিনি ছোট ছেলে রফিকুল ইসলাম ও তাঁর বউকে নিয়ে তৃতীয় তলায় থাকতেন। বুধবার গভীর রাতে পুলিশ ওই বাসা থেকে শরিফুননেছার গলাকাটা লাশ উদ্ধার করে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। রফিকুলের সন্তান অসুস্থ থাকায় তাঁর স্ত্রী ১৫ দিন ধরে হাসপাতালে। বুধবার ঘটনার সময় ওই বাসায় শরিফুননেছা ছাড়া কেউ ছিলেন না।
গতকাল বৃহস্পতিবার সকালে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অপরাধ শনাক্তকরণ দল ঘটনাস্থল থেকে ছাপ ও আলামত সংগ্রহ করে।
গতকাল দুপুরে সেখানে গিয়ে দেখা যায়, চার কক্ষের বাসার মায়ের কক্ষে বসে রফিকুল ইসলাম বিলাপ করছেন। প্রতিবেশী ও স্বজনেরা তাঁকে সান্ত্বনা দিচ্ছেন। মেঝেতে রক্ত জমাট বেঁধে আছে।
রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, তাঁর সন্তান লালমাটিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকায় প্রতিদিন সকাল থেকে দুপুর এবং সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত তিনি ওই হাসপাতালে থাকেন। বুধবার দিবাগত রাত ১২টার দিকে হাসপাতাল থেকে ফিরে তিনি বাসার দরজার কলবেল বাজান। কোনো সাড়া না পেয়ে দরজায় ধাক্কা দেন। এতে দরজাটি খুলে যায়। এ সময় ভেতরে ঢুকে তিনি মাকে ডাকাডাকি করে কোনো সাড়া পাননি। পরে শোবার ঘরে ঢুকতেই দেখেন এক কোনায় তাঁর মা রক্তাক্ত এবং গলাকাটা অবস্থায় পড়ে আছেন। এ সময় তিনি চিৎকার দিলে ওপর ও নিচতলার ভাড়াটেরা ছুটে আসেন। স্থানীয় লোকজন পল্লবী থানায় এ ঘটনা জানান। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। তাঁর মা কিংবা তাঁদের সঙ্গে কারও কোনো বিষয় নিয়ে বিরোধ ছিল না। তাঁর মায়ের সোনার চেইন, কানের দুল কিংবা বাসা থেকেও কিছু খোয়া যায়নি।
রফিকুল বলেন, কারা, কেন তাঁর মাকে হত্যা করেছে কিংবা বাড়ির তত্ত্বাবধায়ক রাকিব এ ঘটনায় জড়িত কি না, তা-ও তিনি বুঝে উঠতে পারছেন না। চার বছর ধরে রাকিব তাঁদের বাড়িতে কাজ করছেন। হত্যার বিষয়ে তাঁর কাছে জানতে চাইলে রাকিব তাঁকে বলেছেন, মায়ের দেওয়া খাবার খেয়ে রাত ১১টার দিকে তৃতীয় তলা থেকে নিচতলার নেমে আসেন তিনি।
রফিকুল জানান, ভাড়াটেদের কাছে তালা খোলার চাবি থাকলেও রাত সাড়ে ১১টায় ফটকে যে তালা লাগিয়ে দেওয়া হয়, সেটি থাকে শুধু তত্ত্বাবধায়কের কাছে।
বাড়িটির চতুর্থ তলার বাসিন্দা আশুরা বেগম প্রথম আলোকে বলেন, রফিকুলের চিৎকার ও কান্নার শব্দ শুনে রাত সোয়া ১২টার দিকে তাঁরা ছুটে গিয়ে মেঝেতে রফিকুলের মায়ের জবাই করা লাশ দেখতে পান। সন্ধ্যার পর থেকে ওই বাসা থেকে কোনো শব্দ পাননি বলে তিনি জানান।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির গতকাল প্রথম আলোকে বলেন, শরিফুননেছার বাড়ির তত্ত্বাবধায়ক রাকিব হোসেন, ছয়তলার ভাড়াটে হোটেল ব্যবসায়ী মেহেদী হাসান ও তাঁর কর্মচারী তারেক হোসেনকে সবাই সন্দেহ করছেন। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এ ঘটনায় এখনো মামলা হয়নি।
দাদন ফকির আরও বলেন, বুধবার রাতে ওই বাড়িতে বহিরাগত হিসেবে ভাড়াটের কর্মচারী তারেক এসেছিলেন। রাত ১১টায় তিনি ওই বাড়ি থেকে বেরিয়ে যান।
আটক মেহেদীর বাবা মজিবর রহমান পোশাক কারখানার কর্মী। চার বছর ধরে তিনি সপরিবার এই বাড়িতে ভাড়া থাকেন। তাঁর ছেলে মেহেদীর হোটেল আছে। মজিবর দাবি করেন, তাঁর ছেলে নির্দোষ। কর্মচারী তারেক প্রতিদিনের মতো বুধবার রাতেও তাঁদের বাসায় খেতে এসেছিলেন।
শরিফুননেছার বড় ছেলে সপরিবার যুক্তরাষ্ট্রে এবং মেজ ছেলে মালয়েশিয়ায় থাকেন। দুই মেয়ে স্বামী-সন্তান নিয়ে অন্যত্র থাকেন। শরিফুননেছার প্রয়াত স্বামী মহব্বত আলী সেনাসদস্য ছিলেন।