মিরপুরে বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যার অভিযোগ
রাজধানীর মিরপুরে হোসনে আরা (৬৫) নামের এক বৃদ্ধাকে হত্যা করে টাকা লুটের অভিযোগ উঠেছে। গত সোমবার রাতে মিরপুরের রাইনখোলা এলাকার একটি বাড়ির সাততলা থেকে তাঁর পা বাঁধা লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় গতকাল মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত মামলা হয়নি।
মিরপুর থানার পুলিশ জানায়, স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে সোমবার রাত ১১টার দিকে পুলিশ মিরপুর-২ নম্বরের রাইনখোলার বাসা থেকে ওই বৃদ্ধার লাশ উদ্ধার করে। তাঁর পা পুরোনো লুঙ্গি দিয়ে বাঁধা ও গলায় গামছা প্যাঁচানো ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
পুলিশ জানায়, সাততলার ঘরে ওই নারী একাই ছিলেন। তাঁর বড় ছেলে একটি ওয়ার্কশপের মালিক দেলোয়ার হোসেন পুলিশকে বলেছেন, রাত ১০টার দিকে তিনি বাড়িতে ফিরে মাকে মৃত অবস্থায় দেখেন। ঘর এলোমেলো ছিল।
ঢাকা মেডিকেল কলেজ মর্গে দেলোয়ার প্রথম আলোকে বলেন, ‘ঘর থেকে জিনিসপত্র কী নিছে, তা বলতে পারব না। তবে আলমারি থেকে দুই লাখ টাকা লুট হয়েছে।
নিহত হোসনে আরার গ্রামের বাড়ি বরিশালের বাকেরগঞ্জে। তাঁর স্বামী ফজলুর রহমান অনেক আগেই মারা গেছেন।
মিরপুর থানার ওসি সালাহউদ্দীন খান বলেন, হোসনে আরার লাশ স্বজনেরা দাফন করতে নিয়ে যাওয়ায় গতকাল সন্ধ্যা পর্যন্ত এ বিষয়ে কোনো মামলা হয়নি। অবশ্য মিরপুর থানার একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ওই বৃদ্ধার গলায় গামছা প্যাঁচানো থাকলেও তা দিয়ে শ্বাসরোধে তাঁকে হত্যা করা হয়েছে, এ বিষয়ে তিনি সন্দিহান।