মিরপুরে ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা
রাজধানীর মিরপুরের দারুস সালাম থানা এলাকায় মো. হিটলু (৪৫) নামের এক সবজি বিক্রেতাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে মিরপুরের মাজার রোড থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। হিটলু মিরপুর এলাকায় সবজির ব্যবসা করেন।
দারুস সালাম থানার উপপরিদর্শক খাদিজাতুজ সাহেলা প্রথম আলোকে বলেন, মাজার রোডে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের পাশে সিটি কলোনিতে পরিবার নিয়ে থাকতেন হিটলু। রাতে ওই এলাকার একটি কাঠের দোকানের সামনের রাস্তায় হিটলুর লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী তাঁর স্ত্রী বৃষ্টিকে খবর দেন। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে গতকাল শুক্রবার ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায়। পুলিশ জানায়, রাত ১২টার দিকে হিটলুর সঙ্গে তাঁর স্ত্রীর সর্বশেষ কথা হয়। এরপর সম্ভবত এ হত্যাকাণ্ড ঘটেছে। অজ্ঞাত ব্যক্তিরা হিটলুকে ছুরিকাঘাতে হত্যা করে। তাঁর শরীরের তিনটি স্থানে ছুরিকাঘাতের চিহ্ন ছিল।