মিরপুরে মেস থেকে যুবকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরপুরের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের পেছনের একটি মেস থেকে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ তালা ভেঙে হাত ও গলায় গামছা বাঁধা এক যুবকের লাশ উদ্ধার করেছে। তাঁর পরিচয় পাওয়া যায়নি।
মিরপুর থানার পুলিশ জানায়, গত সোমবার দুই যুবক হবিগঞ্জ থেকে ঢাকায় আসেন এবং তাঁদের একজন আলম মিরপুর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে চিকিৎসা করিয়েছিলেন। তাঁরা হাসপাতালের পেছনে ৩২/১ বড়বাগের একটি ভবনের দোতলায় একটি কক্ষ ভাড়া নেন। গতকাল সন্ধ্যায় ওই বাড়ির তত্ত্বাবধায়ক থানায় ফোন করে বলেন, দোতলার একটি কক্ষ তালা লাগানো এবং ওই কক্ষ থেকে দুর্গন্ধ বের হচ্ছে। পরে পুলিশ গিয়ে দরজা ভেঙে খাটের ওপর থেকে গামছা দিয়ে গলা ও দুই হাত বাঁধা অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করে। তাঁর বয়স আনুমানিক ২৫ বছর।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, সোমবার বিকেল চারটার দিকে দুই যুবক ভাড়া নেওয়া কক্ষটিতে ওঠেন। এদের একজন আরেকজন হত্যা করে তালা মেরে পালিয়েছেন। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। যিনি খুন হয়েছেন তাঁর নাম আলম, না হত্যাকারীর নাম আলম—তা নিশ্চিত হওয়া যায়নি। নিহত যুবকের পরিচয় বের করার চেষ্টা চলছে।