মিরপুরে ল্যাপটপ ছিনতাইয়ে গ্রেপ্তার গোপালগঞ্জের ছাত্রলীগ নেতা
ছিনতাইয়ের অভিযোগে রাজধানীর মিরপুর এলাকা থেকে আজ সোমবার ভোরে তুহিন খানসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বলছে, তুহিন গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া অন্য তিনজন হলেন পলাশ কুমার, মামুনুর রহমান ও মনোয়ার হোসেন। তুহিনসহ এঁদের সবার বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায়।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির প্রথম আলোকে বলেন, তুহিন খান কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। ওসি বলেন, পল্লবী থানায় এলাকায় কর্মজীবী নারীদের ল্যাপটপ, মোবাইল ছিনতাইয়ে ঘটনা সম্প্রতি বেড়ে গেছে। মোটরসাইকেলে করে এসে ছিনতাইকারীরা পথচারীদের ব্যাগ, ল্যাপটপ টান দিয়ে নিয়ে যায়। এমন অভিযোগ পেয়ে মিরপুরের পপুলার ডায়াগনস্টিক সেন্টারের পাশের সড়ক থেকে একটি ল্যাপটপসহ একজনকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ তথ্য পেয়ে আজ ভোরে পল্লবীর একটি বাসা থেকে বাকি তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় ওই বাসা থেকে তিনটি ল্যাপটপ, বেশ কয়েকটি মোবাইল ফোন সেট, ছাতাসহ বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। সাত দিনের রিমান্ড আবেদন করে আসামিদের কাল মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হবে।