মিরপুরে সড়কের গাছ কেটে নিচ্ছে দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার মিরপুরে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের গাছ কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত কয়েক দিনে চুনিয়াপাড়া এলাকা থেকে অন্তত ২৫টি গাছ কেটে নেওয়া হয়েছে।
সরেজমিনে গতকাল সোমবার দেখা গেছে, কুষ্টিয়া-মেহেরপুর সড়কের চুনিয়াপাড়া এলাকায় কাটা গাছের গুঁড়ি পড়ে আছে। সেখানে কয়েকজন স্থানীয় ব্যক্তি কুড়াল দিয়ে সেগুলো কেটে তোলার চেষ্টা করছেন। ঘুরে ঘুরে গুনে এ সময় ২৫টির মতো গাছের গোড়া পাওয়া যায়। এ ছাড়া কয়েকটি গাছের গোড়া আগেই তুলে ফেলে তার ওপর মাটি সমান করে দেওয়া হয়েছে। বেশির ভাগই কড়ই ও ইপিল ইপিল গাছ।
এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, দুই-তিন দিন ধরে রাতের বেলায় দুর্বৃত্তরা গাছ কেটে নিয়ে যাচ্ছে। কারণ, সকাল হলেই তাঁরা কাটা গাছের গুঁড়ি দেখতে পান। কয়েকটি গাছের গোড়া মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। কোথাও কোথাও স্থানীয় লোকজন মাটি খুঁড়ে ওই গাছের গোড়া তুলে নিয়ে যাচ্ছেন।
বেলা ১১টার দিকে মাটি খুঁড়ে ওই সব গাছের গোড়া তুলছিলেন স্থানীয় চা-বিক্রেতা মাহফুজুর রহমান। তিনি বলেন, রাতের কোনো একসময় কে বা কারা গাছ কেটে নিয়ে গেছে। চায়ের দোকানে জ্বালানির জন্য গোড়া তুলে নিয়ে যাচ্ছেন তিনি।
আজিজুর রহমান নামে এক ব্যক্তি বলেন, ‘বাড়িতে জ্বালানি নেই। তাই গোড়া উঠাচ্ছি।’ গাছ কে কেটে নিয়ে গেছে, তা তিনি জানেন না। একই কথা বলেন মিরপুর উপজেলার বাসিন্দা মিজানুর রহমান।
এ ব্যাপারে সওজের নির্বাহী প্রকৌশলী জিয়াউল হায়দার বলেন, বিষয়টি তাঁর জানা নেই। খোঁজ নিয়ে দেখা হচ্ছে। তা ছাড়া গাছগুলো বন বিভাগের কি না, তা-ও খতিয়ে দেখা হবে। এর আগে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের কুমারখালীতে তরুণ মোড়ে ৩০টি গাছ কেটে নেওয়ার অভিযোগের ব্যাপারে তিনি বলেন, কুমারখালীতে গাছ কাটার ব্যাপারে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
কুষ্টিয়া সামাজিক বন বিভাগের সহকারী বন সংরক্ষক আলী মোর্তজা বলেন, মিরপুরের চুনিয়াপাড়া এলাকায় বন বিভাগ থেকে কোনো গাছ কাটা হচ্ছে না। এ ব্যাপারে কোনো দরপত্রও আহ্বান করা হয়নি।