মিরপুরে স্কুলছাত্র খুন হয়েছে দুই মহল্লার কিশোরদের দ্বন্দ্বে, গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুরে স্কুলছাত্র মাহিদুল ইসলাম ওরফে ইমন (১৪) দুই মহল্লার কিশোরদের দ্বন্দ্বে খুন হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় দুই কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে।

মিরপুর ৬ নম্বরে গত রোববার রাতে বাসার সামনে আড্ডা দেওয়ার সময় একদল কিশোর এসে ছুরিকাঘাতে মাহিদুলকে হত্যা করে। সে মিরপুর আদর্শ উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেিণর ছাত্র ছিল।

এ ঘটনায় মাহিদুলের বাবা নজরুল ইসলাম সরকার তিনজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ৪০-৫০ জনকে আসামি করে মিরপুর মডেল থানায় হত্যা মামলা করেন। পুলিশ এজাহারভুক্ত আসামি সুজন ও পিয়াসকে গ্রেপ্তার করেছে। সুজনের কাছ থেকে রক্তমাখা ছুরি ও তার রক্তমাখা পোশাক উদ্ধার করা হয়েছে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দীন খান বলেন, মিরপুর ৬ নম্বরের এ ব্লকের ৬ নম্বর সড়কের কিছু তরুণ-কিশোর ও বেনারসিপিল্লর একদল তরুণ-কিশোরের মধ্যে বিরোধ চলছে। এক মহল্লার কিশোর-তরুণদের কেউ অন্য মহল্লায় গেলে হামলার শিকার হতো।

ওসি আরও বলেন, গত রমজান মাসে দুই পক্ষে মারামারি এবং রোববার হাতাহাতি হয়। এর জের ধরে বেনারসিপিল্লর কিশোরেরা এক হয়ে মাহিদুলের ওপর হামলা চালায়। হামলা করে পালানোর পথে কর্তব্যরত ট্রাফিক পুলিশ রক্তমাখা পোশাকে ছুরিসহ সুজনকে ধরে পল্লবী থানায় দেয়। গতকাল মিরপুর থানার পুলিশ বেনারসিপিল্ল থেকে পিয়াসকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, গ্রেপ্তার দুজন জানিয়েছে, দুই মহল্লার কিশোরদের দ্বন্দ্বেই এ ঘটনা ঘটেছে। মাহিদুলের ওপর হামলার পর ৬ নম্বর সড়কের ছেলেরাও বেনারসিপিল্লতে হামলার জন্য জড়ো হয়েছিল। তবে পুলিশের কারণে হামলা হয়নি।