রাজধানীর মিরপুরের একটি বাসার পৃথক কক্ষ থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁরা হলেন ফরহাদ হোসেন (২৫) ও তাঁর স্ত্রী রূপালী বেগম (২২)।
পুলিশ ও স্বজনেরা বলেছেন, ঈদের দিন গত শনিবার রাতে এই দম্পতি আত্মহত্যা করেছেন। এর কারণ সম্পর্কে তাঁরা কিছু জানাতে পারেননি।
এদিকে শনিবার গভীর রাতে রূপনগরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সায়েদ ইবনে রেজা ওরফে পিয়াসের (২২) অস্বাভাবিক মৃত্যু হয়েছে। স্বজনদের বরাত দিয়ে পুলিশ বলেছে, তিনিও আত্মহত্যা করেছেন।
মিরপুর থানার পুলিশ জানায়, মিরপুর ১০ নম্বর সেকশনের ৫ নম্বর লেনের একটি বাসায় থাকতেন এই দম্পতি। ওই বাড়ির নিচতলার ‘সফট টাচ জেনারেল পারলার’ নামের একটি সেলুনের মালিক ছিলেন ফরহাদ। বাড়ির মালিকের মাধ্যমে খবর পেয়ে রোববার দুপুরে পুলিশ তাঁদের লাশ উদ্ধার করে। দুটি ঘরের দরজাই ভেতর থেকে বন্ধ ছিল।
নিহত ফরহাদের ভাই দেলোয়ার হোসেন বলেন, ওই সেলুনে ফরহাদসহ তাঁরা তিন ভাই কাজ করতেন। ঈদ উদ্যাপন করতে শনিবার তিনি (দেলোয়ার) ও আরেক ভাই আনোয়ার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে যান। স্ত্রী রূপালী অন্তঃসত্ত্বা হওয়ায় ফরহাদ যাননি। ঈদের পরদিন তাঁদের যাওয়ার কথা ছিল।
দেলোয়ার বলেন, ওই বাড়ির নিচতলার একটি ঘরে ফরহাদ-রূপালী থাকতেন, তিনি ও আনোয়ার থাকতেন দোতলার একটি ঘরে। ঈদের ছুটিতে তাঁরা গ্রামের বাড়িতে যাওয়ায় ফরহাদ-রূপালী শনিবার রাতে দোতলার ঘরে ছিলেন। শনিবার রাত ১২টার দিকে ফরহাদ তাঁকে (দেলোয়ার) ফোন করে বলেন, তিনি ঘুমিয়ে ছিলেন। জেগে দেখেন পাশে রূপালী নেই, দরজাও বাইরে থেকে বন্ধ। এরপর দেলোয়ার মুঠোফোনে বাড়িওয়ালার সঙ্গে যোগাযোগ করে বাইরে থেকে দরজা খোলান। এর কিছুক্ষণ পর ফরহাদ আবারও দেলোয়ারকে ফোন করে কাঁদতে কাঁদতে বলেন, ‘তোর ভাবি ফাঁসি দিছে। এখন আমি কীভাবে বাঁচব? তোরা আমাকে ক্ষমা করে দিস। আমি এই জীবন রাখব না। আমিও ফাঁসি দিয়ে মরব।’ এসব বলেই ফোন কেটে দেন ফরহাদ। তাঁরা বিষয়টি বাড়ির মালিককে জানান। কিন্তু বাড়ির মালিক সেখানে গেলেও কাউকে জীবিত পাননি।
বাড়ির মালিক আজিজুল মাতব্বর বলেন, ফরহাদ পাঁচ বছর ধরে এই এলাকায় বসবাস করছিলেন। গত এপ্রিল মাসে তাঁর বাড়িতে ওঠেন। তাঁদের স্বামী-স্ত্রীর মধ্যে ভালো সম্পর্ক ছিল। তারপরও হঠাৎ কেন এমন ঘটনা ঘটল, তা তিনি বুঝতে পারছেন না।
স্বজনেরা বলেন, সাত মাস আগে পারিবারিকভাবে ফরহাদের সঙ্গে রূপালীর বিয়ে হয়। তাঁদের দাম্পত্য সম্পর্ক ভালো ছিল।
মিরপুর থানার পরিদর্শক (তদন্ত) শফিকুর রহমান বলেন, ঘটনাটি আত্মহত্যা বলে মনে হয়েছে। নিহত দুজনের স্বজনেরাও তাই বলছেন। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রের অস্বাভাবিক মৃত্যু: রূপনগর থানার পুলিশ বলেছে, রূপনগরের ১১ নম্বর সেকশনের জে ব্লকের বাসায় পরিবারের সঙ্গে থাকতেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সায়েদ। শনিবার দিবাগত রাত একটার দিকে নিজের ঘরে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখে তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যান স্বজনেরা। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত সায়েদের বাবার নাম শাহ আব্বাস তালুকদার। তিনি অবসর নেওয়া সেনাসদস্য।
পুলিশ বলেছে, এক তরুণীর সঙ্গে সায়েদের প্রেমের সম্পর্ক ছিল। কিছুদিন ধরে তাঁদের মধ্যে বিবাদ চলছিল। এর জের ধরে সায়েদ আত্মহত্যা করেছেন বলে স্বজনেরা পুলিশকে জানিয়েছেন।