মিরপুরে ৯০ লাখ, গোড়ানে ২০ লাখ টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামনে-পেছনে পাহারায় চার মোটরসাইকেল। মাঝখানে ৯০ লাখ টাকা বহনকারী গাড়ি যাচ্ছিল ব্যাংকের উদ্দেশে। এই নিরাপত্তা ঠেকাতে পারল না ছিনতাই। আবর্জনাবাহী ভ্যান দিয়ে পথরোধ করার পর গাড়িচালককে গুলি করে টাকাগুলো ছিনিয়ে সবার সামনে দিয়ে চলে গেল ছিনতাইকারীরা।
রাজধানীর মিরপুরের চলন্তিকা এলাকায় গতকাল রোববার সকাল সোয়া ১০টার দিকে এভাবে ৯০ লাখ টাকা ছিনতাই হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আটজনকে আটক করেছে পুলিশ। এর প্রায় আধা ঘণ্টার ব্যবধানে খিলগাঁওয়ের গোড়ানে দোকান কর্মচারীকে গুলি করে ২০ লাখ টাকা ছিনতাই হয়েছে।
পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার নিশারুল আরিফ প্রথম আলোকে বলেন, ই-জোন নামের একটি প্রতিষ্ঠান ব্যাংকে জমা দেওয়ার জন্য ৯০ লাখ টাকা নিয়ে যাওয়ার সময় টাকাগুলো ছিনতাই হয়। প্রতিষ্ঠানটি বিকাশ ও মুঠোফোন অপরারেটর এয়ারটেলের এজেন্ট। গাড়িটির পেছনের ডালায় (পেছনে মালামাল রাখার জায়গা) বিকাশের ৭৬ লাখ টাকা এবং পেছনের আসনে বসা দুজনের কাছে থাকা ব্যাগে ১৪ লাখ টাকা ছিল।
পুলিশ, প্রত্যক্ষদর্শীরা ও ই-জোনের কর্মীরা জানান, সকাল ১০টার দিকে মিরপুর-২ নম্বরে ই-জোনের কার্যালয় থেকে একটি সাদা কারে ৯০ লাখ টাকা নিয়ে ব্যাংকে জমা দিতে মিরপুর ১১ নম্বরের দিকে যাচ্ছিলেন প্রতিষ্ঠানের কর্মীরা। নিরাপত্তা হিসেবে গাড়ির সামনে-পেছনে চারটি মোটরসাইকেলে আটজন কর্মী পাহারায় ছিলেন। ই-জোনের কার্যালয় থেকে বেরিয়ে গাড়ি ও মোটরসাইকেলগুলো ৭০০-৮০০ গজ এগোতেই রাস্তার পাশে ফেলে রাখা আবর্জনার কনটেইনারের কাছে একটি ময়লার ভ্যান দিয়ে রাস্তা আটকে দেয় ছিনতাইকারীরা। তাদের একজন ময়লা ফেলার বেলচা দিয়ে ওই গাড়ির চালক মো. জাহিদের (৪২) পাশের জানালা ভেঙে চাবি নিয়ে নেয়। চালক বাধা দিলে তাঁর পায়ে গুলি করা হয়। এরপর ছিনতাইকারীরা চাবি নিয়ে পেছনের ডালা খোলে এবং ডালায় থাকা ট্রাঙ্ক খুলে টাকা বের করে নিজেদের পিঠে থাকা ব্যাগে ঢুকিয়ে নেয়। এরপর দুপাশ থেকে দুজন গাড়ির পেছনের আসনে বসা ই-জোনের কর্মী মহাদেব দত্ত ও আকতার হোসেনের কাছে থাকা ব্যাগ থেকে ১৪ লাখ টাকা বের করে তাদের পিঠে থাকা ব্যাগে ঢোকায়। মাত্র চার থেকে পাঁচ মিনিটে পুরো ঘটনা ঘটে। অস্ত্র তাক করে রাখা হয় গাড়ি পাহারা দিয়ে আনা চার মোটরসাইকেলে থাকা আটজনের দিকে। আশপাশের মানুষ ঘটনাটি দেখেছে। এ সময় সেখানে কিছুটা যানজটও হয়।
প্রত্যক্ষদর্শী এক কিশোর প্রথম আলোকে বলে, সে আটজন ছিনতাইকারীকে দেখেছে। তাদের প্রত্যেকের হাতে আগ্নেয়াস্ত্র ও পিঠে ব্যাগ ছিল। গাড়ি থামানোর পরপরই সবাই গাড়ির দিকে ও গাড়ি পাহারা দিয়ে আনা মোটরসাইকেলগুলোর দিকে অস্ত্র তাক করে। ছিনতাই শেষে তারা চারটি মোটরাসাইকেলে উঠে পালিয়ে যায়।
রূপনগর থানার পুলিশ জানিয়েছে, ই-জোন সাধারণত ৩০ লাখের বেশি টাকা একসঙ্গে ব্যাংকে জমা দিতে নেয় না। কিন্তু গতকাল ৯০ লাখ টাকা নেওয়া হচ্ছিল। এ ঘটনায় মনে হয়েছে, গাড়ির পেছনের ডালা ও পেছনের আসনে টাকা থাকার বিষয়টি ছিনতাইকারীরা আগেই জানত। ওই প্রতিষ্ঠানেরই কেউ এ বিষয়ে তথ্য দিয়ে থাকতে পারেন।
ই-জোনের ব্যবস্থাপনা পরিচালক জাকির হোসেন খান প্রথম আলোকে বলেন, শুক্র-শনিবার ব্যাংক বন্ধ থাকায় সাধারণত রোববার বেশি টাকা জমে। এ জন্যই গতকাল বেশি টাকা ছিল। তাঁরও ধারণা, প্রতিষ্ঠানের কোনো কর্মী ছিনতাইকারীদের কাছে টাকার তথ্য পৌঁছে দিয়েছেন।
পুলিশ জানিয়েছে, ঢাকা মহানগর পুলিশের সদর দপ্তর ও মিরপুর বিভাগ স্থানীয় বিকাশ এজেন্টদের সঙ্গে একাধিকবার বৈঠক করে মোটা টাকা বহনের সময় পুলিশি নিরাপত্তা নেওয়ার অনুরোধ করেছে। কিন্তু ব্যবসায়ীরা কখনোই পুলিশকে জানাচ্ছেন না।
জাহিদকে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে এবং পরে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসা দেওয়া হয়।
২০ লাখ টাকা ছিনতাই: বেলা ১১টার দিকে খিলগাঁও থানার দক্ষিণ গোড়ানে এক ভোগ্যপণ্যের দোকানের কর্মচারী আবদুস সালামকে (২৮) গুলি করে প্রায় ২০ লাখ টাকা ছিনতাই হয়েছে। সালামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি গোড়ান বাজারের একটি দোকানে কাজ করেন।
হাসপাতালে চিকিৎসাধীন সালাম বলেন, গোড়ান বাজারের দোকান থেকে শপিং ব্যাগে ২০ লাখ টাকা নিয়ে তিনি রিকশায় গোড়ান টেম্পোস্ট্যান্ড-সংলগ্ন একটি ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন। কিছুদূর যাওয়ার পর একটি মোটরসাইকেলে আসা দুই যুবক রিকশার গতিরোধ করে। তখন পাশ থেকে আরও চারজন এসে তাঁকে ঘিরে ফেলে। তারা টাকার ব্যাগ ছিনিয়ে নিতে চাইলে তিনি বাধা দেন। তখন একজন ছিনতাইকারী তাঁর বাঁ পায়ের উরুতে গুলি করে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
হাসপাতাল সূত্র জানায়, সালাম আশঙ্কামুক্ত।
এ বিষয়ে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজ ভুঁইয়া প্রথম আলোকে বলেন, এ ঘটনায় সন্ধ্যায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা হয়েছে।
রিকশাচালককে ছুরিকাঘাত করে ছিনতাই: মিরপুর থানার পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, ভোরে মিরপুর স্টেডিয়ামের পাশে আবদুল জলিল (৩২) নামের এক রিকশাচালককে ছুরিকাঘাত করে দুই হাজার ১৬০ টাকা নিয়ে গেছে ছিনতাইকারীরা। আহত জলিলকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ভোরে বাগেরহাটের গ্রামের বাড়ি থেকে রূপনগরে রিকশার গ্যারেজে যাওয়ার সময় ছিনতাইয়ের শিকার হন।