মিরপুরের সড়ক আবার দখল

ফুটপাতে গড়ে ওঠা স্থায়ী দোকানে বিক্রি হচ্ছে কাঁচা সবজি, আছে মুরগির দোকান। ফুটপাত ছাপিয়ে রাস্তায় চলে আসা ভাসমান দোকানে বিক্রি হচ্ছে মাছ, ফলমূল। দেখে মনে হয়, মহাসড়কের পাশে গড়ে ওঠা কোনো গ্রামীণ হাট। প্রায় আধা কিলোমিটার ফুটপাত এবং সড়ক দখল হয়ে যাওয়ায় পথচারী ও যান চলাচল বাধাগ্রস্ত হচ্ছে।
মিরপুর ১ নম্বরের কাছে আনসার ক্যাম্প বাসস্ট্যান্ড এলাকায় ফুটপাত ও সড়ক দখল করে প্রতিদিন ভোর থেকে দুপুর পর্যন্ত বসে এই বাজার। তবে ফুটপাতের দোকানগুলো সারা দিনই থাকে। প্রতিনিয়ত বাড়ছে সড়ক দখল করে গড়ে ওঠা এই বাজারের পরিসর। টোলারবাগ আবাসিক এলাকার ২ নম্বর গেট থেকে শুরু হওয়া এই বাজার আনসার ক্যাম্প বাসস্ট্যান্ড ছাড়িয়ে গেছে।
গতকাল শুক্রবার সকালে দেখা যায়, বাঁশ-কাঠ দিয়ে ফুটপাতে দোকান তোলা হয়েছে। ওপরে ত্রিপলের ছাউনি দেওয়া। কাঁচা সবজি, আদা, পেঁয়াজ, রসুন ও মুরগি বিক্রি হচ্ছে। কয়েকজন ফুটপাতে বসে মাছ কাটছেন। রাস্তার ওপর চলে এসেছে কাঁচাবাজার। মাছ ও ফলমূল বিক্রি হচ্ছে। লোকজন সেখান থেকে মাছ কিনে নিয়ে ফুটপাতে মাছ কাটাচ্ছেন।
ফুটপাতের ওপর মুরগির দোকান দিয়ে বসেছেন মো. ইব্রাহিম। তিনি বলেন, কিছুদিন পরপর সিটি করপোরেশন, পুলিশের লোকজন এসে কয়েকটা দোকান তুলে দেয়। তখন দু-এক দিন দোকান বসে না। তারপর কয়েক দিনের মধ্যে আবার আগের অবস্থা হয়ে যায়।
এই বাজারে মূলত আশপাশের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক কোয়ার্টারের বাসিন্দা, টোলারবাগ আবাসিক এলাকার বাসিন্দারা কেনাকাটা করতে আসেন। প্রতিদিন ভোর থেকে দুপুর পর্যন্ত বসে এই বাজার। তবে ফুটপাতের দোকানগুলো সারা দিনই থাকে।
কেনাকাটা করতে আসা লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, আনসার ক্যাম্পের এ বাজার আগে টোলারবাগ আবাসিক এলাকার ১ নম্বর গেটের সামনে বসত। কিন্তু তার ঠিক বিপরীতেই র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন-৪-এর প্রধান দপ্তর। র্যা ব সেখান থেকে স্থায়ীভাবে দোকানগুলো তুলে দেয়। ফলে কিছুটা এগিয়ে আনসার ক্যাম্প বাসস্ট্যান্ডে এখন বাজারটি বসছে।
সরকারি ডি-টাইপ কোয়ার্টারের বাসিন্দা নুরুল আমিন বলেন, লোকজন কম কষ্টে বেশি সুবিধা চায়। এলাকার অন্যান্য বাজার কিছু দূরে। এখানে মোটামুটি সবই পাওয়া যায় বলে লোকজন কিনতে আসে। এখানে দোকান না থাকলে হয়তো বাজারে যাবে।
দোকানিদের সঙ্গে কথা বলে জানা যায়, আগে ফুটপাতের ওপর মাত্র কয়েকটি দোকান ছিল। ক্রেতাদের ভিড় ও কেনাবেচা বাড়ায় এখন দোকানের সংখ্যা বেড়েছে। সাপ্তাহিক ছুটির দিনের সকালে অনেক ভ্রাম্যমাণ দোকানি হাজির হওয়ায় সড়ক বেশি দখল হয়ে যায়।
এলাকাটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত। এ বিষয়ে ওয়ার্ড কাউন্সিলর ইকবাল হোসেন প্রথম আলোকে বলেন, আগে অল্প কিছু দোকান ছিল। এখন পুরো বাজার হয়ে গেছে। সিটি করপোরেশনের পক্ষ থেকে অবৈধ দোকানপাট উচ্ছেদ করে ফুটপাত, সড়ক দখলমুক্ত করতে উচ্ছেদের তারিখ নেওয়া হয়েছে। যেকোনো দিন এই দোকানগুলো উচ্ছেদ করা হবে।